নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
মঙ্গলবার সন্ধ্যা । রোজা মাসে ইফতারি খাদ্য সামগ্রী নিল হিন্দু মহিলা। কিন্তু কেন ? এখানে কোনও বৈষম্য নেই। তেমনই জানান প্রধান উদ্যোক্তা শেখ মোবারক । তাঁর বক্তব্য মানুষের পরিচয় কোনও ধর্ম দেখে হয় না। অসহায় দুঃস্থ মানুষদের কাছে খাদ্যসামগ্রী সকলের অতি প্রয়োজন। তাই রমজানের আগে হিন্দু মুসলিম সবাইকেই দেওয়া হল খাদ্যসামগ্রী । রমজানের আগে মানবিক মুখ 'সেবার আলো', সাঁতরাগাছিতে শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হলো ইফতার সামগ্রী। পবিত্র মাহে রমজান মানেই সংযম এবং ত্যাগের মাস। এই মাস মানেই আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেওয়া এবং জাকাত-ফিতরা আদায়ের মাধ্যমে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো। সেই পুণ্যতিথিকে সামনে রেখে হাওড়ার সাঁতরাগাছি ২ নম্বর সুলতানপুর বোকো পাড়ায় এক অনন্য নজির সৃষ্টি করল সমাজসেবী সংগঠন 'সেবার আলো'।
রোজার প্রস্তুতি হিসেবে সংগঠনের পক্ষ থেকে এলাকার প্রায় শতাধিক পিছিয়ে পড়া ও দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হলো রোজার প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও উপহার। রমজান মাস শুরুর আগেই এই উপহার হাতে পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা।
উল্লেখ্য, 'সেবার আলো' সংগঠনটি দীর্ঘ তিন বছর ধরে হাওড়া ও পার্শ্ববর্তী এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। বস্ত্র বিতরণ থেকে শুরু করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো—সারা বছরই তাদের নানা কর্মসূচি চোখে পড়ে। বর্তমানে কোনো বড় প্রাতিষ্ঠানিক সাহায্য ছাড়াই শুধুমাত্র সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এই জনকল্যাণমূলক কাজগুলি পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠান চলাকালীন সংগঠনের প্রতিষ্ঠাতা সেখ মোবারক সংবাদমাধ্যমকে জানান, "আমরা সাধ্যমতো চেষ্টা করি সাধারণ মানুষের পাশে থাকতে। সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র সহযোগিতাই আমাদের পথ চলার শক্তি। তবে কাজের পরিধি আরও বাড়াতে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের আর্থিক সাহায্যের প্রয়োজন।" তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন, যাতে তাঁরা এই 'সেবার আলো' সংগঠনের পাশে দাঁড়ান এবং আর্থিকভাবে সহযোগিতা করেন।
রমজানের প্রাক্কালে সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বিশিষ্টজনেরা। তাঁদের মতে, বর্তমান সময়ে দাঁড়িয়ে তরুণ প্রজন্মের এই ধরনের সমাজসেবামূলক মানসিকতা অন্যদেরও উদ্বুদ্ধ করবে।

