নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
স্বপ্নটা ছিল বড় ! তার কিছুটা দূরে যাওয়া গিয়েছে ! এখন আকাশটা ছুঁতে বাকি ! জাতীয় স্তরে স্বর্ণ পদক আবার হাওড়ার ।
আরও একটি সাফল্যের মুখ এবার হাওড়ার দখলে। হাওড়া জেলার সাঁকরাইলের মেয়ে সৃজিতা কাঁড়ার জাতীয় যোগাসন প্রতিযোগিতায় জোড়া স্বর্ণপদক জিতে জেলার মুখ উজ্জ্বল করলেন। আর্থিক অনটনের মধ্যেও কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং পরিবারের অক্লান্ত সমর্থনে এই সাফল্য অর্জন করেছেন তিনি। জানা গিয়েছে, গত ২৬ থেকে ২৮ জুন উত্তরাখণ্ডের রুরকিতে অবস্থিত কোর ইউনিভার্সিটি-তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ যোগাসন স্পোর্টস ইন্টারন্যাশনাল আয়োজিত ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৭০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেই কঠিন প্রতিযোগিতায় সৃজিতা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ট্র্যাডিশনাল যোগাসন বিভাগে স্বর্ণপদক, আর্টিস্টিক গ্রুপ বিভাগে স্বর্ণপদক এবং সামগ্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
প্রশিক্ষক গৌরাঙ্গ সরকারের তত্ত্বাবধানে দীর্ঘদিনের কঠোর অনুশীলনের ফলেই এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন সৃজিতা।
তবে এই সাফল্যের পিছনে রয়েছে সংগ্রামের এক বাস্তব গল্প। সৃজিতার বাবা দোকানে দোকানে ঘুরে হকারি করে সংসার চালান। সীমিত আয়ের মধ্যেও মেয়ের স্বপ্নপূরণে কখনও পিছপা হননি বাবা-মা। তাঁদের অদম্য ইচ্ছাশক্তি ও ত্যাগ আজ সৃজিতাকে জাতীয় স্তরে সাফল্য এনে দিয়েছে।
এবার আরও বড় মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন সৃজিতা। আগামী ৪ থেকে ৯ সেপ্টেম্বর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা আন্তর্জাতিক যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। তবে বিদেশে প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান করতে না পারায় চরম দুশ্চিন্তায় রয়েছে তাঁর পরিবার।
তা
র পরিবার ও স্থানীয় মানুষের আশা, সরকারি ও বেসরকারি উদ্যোগে আর্থিক সহায়তা মিললে সৃজিতা থাইল্যান্ডে দেশের হয়ে অংশ নিয়ে আরও একবার ভারতের পাশাপাশি হাওড়া ও পশ্চিমবঙ্গের নাম উজ্জ্বল করবেন।









