নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া
রাজ্যের গ্রামীণ অর্থনীতির জন্য সুখবর। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে ফের বঙ্গে চালু হল MGNREGA প্রকল্পে একশো দিনের কাজ। মঙ্গলবার উলুবেড়িয়া উত্তরের অন্তর্গত জোয়ারগড়ী অঞ্চলের ৭নং সংসদের গ্রামে এই কাজের সূচনা করেন রাজ্যের পঞ্চায়েত গ্ৰামোন্নয়ন , কৃষি বিপনন ও পশুপালন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ।
এদিনের সূচনা অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত দপ্তরের সচিব পি উলগানাথন, হাওড়ার জেলাশাসক পি দীপাপ্রিয়া, উলুবেড়িয়া উত্তরের বিধায়ক চিরন বেরা, আমতার বিধায়ক অমিত সামন্ত সহ প্রশাসনের কর্তারা।
উল্লেখ্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র চলতি জুন মাসের জন্যই পশ্চিমবঙ্গে ১.৫৩ কোটি শ্রম দিবস মঞ্জুর করা হয়েছে। মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে এই প্রকল্পের কাজ পুনরায় চালু করা হচ্ছে বলে জানা গেছে। এই কাজের সূচনার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।
রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন স্বচ্ছতার সঙ্গে ১০০ দিনের কাজ হবে এবং জুলাই মাস থেকে এই কাজ ১২৫ দিন হবে ।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন এই কাজের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার রাজ্যে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রামীন উন্নয়নের জন্য আরও বরাদ্দ বাড়ানো হয়েছে। প্রকৃত ১০০ দিনের কর্মীরা কাজ করবেন। ১০০দিনের কাজে আগের সরকারের মতো কোনো রকম দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিন উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক চিরন বেরার গ্রাম থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই কাজ। পঞ্চায়েত মন্ত্রী নিজে হাতে মাটি কেটে কাজের সূচনা করেন ।











