সোসাইটি ফর ব্রাইট ফিউচার (SBF), কলকাতা জোনের উদ্যোগে হাওড়া জেলার মধ্য থেকে দশটি এরিয়া কোরের প্রতিনিধিত্বে আটজন করে খেলোয়াড় নিয়ে মোট আটটি দল গঠন করে এক বর্ণাঢ্য আটদলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় হাওড়া জেলার দেউল্টিতে অবস্থিত মেলোক বিশালক্ষী ক্লাবের মাঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসবিএফ-এর রাজ্য কনভেনার মাননীয় শেখ মহ আরিফুল্লাহ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিমদিঘী এরিয়া কনভেনার আমিরুল হাসান সাহেব, কলকাতা জোনের কনভেনার শাহনাওয়াজ খান, হাওড়া জেলার কনভেনার শেখ নাসিরুল্লাহ, কো-কনভেনার শেখ মিরাজ সহ বিভিন্ন এরিয়া কোরের কনভেনারবৃন্দ। এছাড়াও আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন বিশালক্ষী ক্লাবের সভাপতি, স্থানীয় পঞ্চায়েত সদস্য, এলাকার ইমাম সাহেব এবং বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ।
এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ছিল এসবিএফ-এর কার্যক্রম জনসাধারণের সামনে তুলে ধরা, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং সমাজে ভ্রাতৃত্ববোধ জোরদার করা। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কাজে উদ্বুদ্ধ করাও ছিল আয়োজকদের অন্যতম লক্ষ্য।
প্রতিযোগিতায় চূড়ান্ত পর্যায়ে উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর পাঁচলা এরিয়া কোর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং নিমদীঘি এরিয়া কোর রানার্স-আপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্স-আপ উভয় দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। পাশাপাশি টুর্নামেন্টের সেরা পারফর্মারদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়, যার মধ্যে ছিল ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য ম্যাচ, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট বোলার এবং বেস্ট ফিল্ডার।
এই টুর্নামেন্টের আয়োজনে বিশেষ ভূমিকা পালন করেন দেউলটি এরিয়া কোর কনভেনার শেখ মেহরাজ ভাই।
সমগ্র টুর্নামেন্টটি স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি করে, যা ভবিষ্যতে এ ধরনের আরও সামাজিক ও ক্রীড়ামূলক উদ্যোগের পথ সুগম করবে।




