নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
শুধু গোলাপ ফুল দিয়ে নয়। এবার মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিনা ব্যয়ে টোটো পরিষেবা দিচ্ছে আমরা দিদির সৈনিক হাওড়া ।
যেটা জেলায় এই প্রথম। হাওড়ার পঞ্চাশ নম্বর ওয়ার্ডের বালিটিকুরী শেঠ পাড়া থেকে এই টোটো চলছে। তারপর রাস্তায় বিভিন্ন পরীক্ষার্থীদের টোটোয় তুলে সেই টোটো পৌঁছে যাচ্ছে হাওড়া শহর এলাকার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে । মূলত আমরা দিদির সৈনিক হাওড়ার এই কর্মসূচির প্রধান উদ্যোক্তা সমাজসেবী কাল্টু দাস জানান , সোমবার ও মঙ্গলবার এরকম পাঁচটি টোটো চলেছে। যা সাফল্য পাওয়া যাচ্ছে তাতে পরের পরীক্ষা গুলোতে তাঁরা এরকম পনেরোটি টোটো পরিষেবা দেবেন। পাশাপাশি তাঁরা মাধ্যমিক পরীক্ষার্থীদের টেনশন মুক্ত করতে গোলাপ ফুল ও পানীয় জলও দিচ্ছেন। প্রসঙ্গত এই নিয়ে বিরোধিতা হচ্ছে । বিরোধীরা বলছে এটি বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের জনসংযোগ বৃদ্ধির প্রয়াস। এই প্রশ্নের উত্তরে কাল্টু দাস জানান , মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে থাকার উদ্যোগ প্রতিবছরই তৃণমূল নেতারা করে । তাঁরা ৩৬৫ দিন মানুষের সঙ্গে থাকেন। বিরোধীরা ভাল কাজেরও বিরোধিতা করে। তাতে তাঁদের থামানো যাবে না বলে তিনি জানান। এদিকে এই প্রথমবার হাওড়ায় আয়োজিত এই বিনাব্যয়ে টোটো পরিষেবা পেয়ে খুশি মাধ্যমিক পরীক্ষার্থীরা। খুশি তাঁদের অভিভাবকরাও।
