নিজস্ব প্রতিবেদক,উলুবেড়িয়া
বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে যথাযোগ্যভাবে প্রতি বছরের মতো এবছরেও হয়ে গেল ট্যালেন্ট হান্ট পরীক্ষা।
রবিবার উলুবেড়িয়া প্রগ্রেসিভ টিচার্স ফোরাম আয়োজিত এই মেধা অন্বেষণমূলক পরীক্ষাটিতে উলুবেড়িয়া উত্তর ও উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অন্তর্গত প্রায় ১১৫টি সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২৪২৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
রবিবারের ছুটির দিনেও এই পরীক্ষাকে ঘিরে ছাত্র ছাত্রীদের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
উলুবেড়িয়া ১ নং পঞ্চায়েত সমিতির ৯টি পঞ্চায়েত এলাকায় মোট ১০ টি কেন্দ্রে এই পরীক্ষা গ্রহণ করা হয়।
উলুবেরিয়ার গ্রাম্য পরিবেশে থেকে মেধাবী ও প্রতিশ্রুতিময় ছাত্র ছাত্রীদের খুঁজে বের করার ক্ষেত্রে এই পরীক্ষাটি ইতিমধ্যেই সাড়া ফেলেছে।
ফোরামের সম্পাদক শ্রী সঞ্জিত ভৌমিক আমাদের প্রতিনিধিকে জানান," সরকারি পরিকাঠামোর মধ্যে থেকেও আমাদের সরকারি স্কুলের ছাত্র ছাত্রীরা কতখানি এগিয়ে বা পিছিয়ে রয়েছে, তারই একটা ছবি খোঁজার চেষ্টা করি আমরা এই পরীক্ষার মাধ্যমে। আগামীতে যাতে তারা যে কোনো প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে মাথা উঁচু করে লড়াই করতে পারে, সেই মানসিকতার বিকাশই আমাদের ফোরামের প্রাথমিক লক্ষ্য।
" আজকের এই ট্যালেন্ট হান্ট পরীক্ষা সফলভাবে সুসম্পন্ন হওয়ার পর ফোরামের প্রধান আহ্বায়ক মহ. ফিরোজ বলেন," ছাত্র ছাত্রী ও বিশেষ করে অভিভাবকদের যে উত্সাহ ও উদ্দীপনা আজ আমাদের চোখে পড়ল, তা আমাদের আগামী দিনে আরো বেশি করে উজ্জীবিত করবে।
প্রশ্ন পত্রের মান নিয়েও ছাত্র ছাত্রীদের কাছ থেকে সদর্থক প্রতিক্রিয়া পেয়েছি আমরা।" তিনি অংশগ্রহণকারী বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকাদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন তাদের সর্বাত্মক সহযোগিতার জন্য।
আগামীদিনে ফোরামের কর্মকাণ্ড ও ব্যাপ্তি নিয়ে সভাপতি শ্রী কিংকর মন্ডল মন্তব্য করেন," এ বছরের সাফল্য আমাদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
আগামী দিনে যাতে আরো বেশি করে ছাত্র ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তা আমাদের সুনিশ্চিত করতে হবে।
এবছর আরও সুষ্ঠ ও সুপরিকল্পিত ভাবে এই পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোর ছবি বলে দিচ্ছে আমাদের সাফল্যের কথা।
পরীক্ষা ছাড়াও আগামী দিনে ফোরাম অন্যান্য আরও কিছু শিক্ষা বিষয়ক কর্মসূচি নেবে বলে তিনি জানিয়েছেন।


















