নিজস্ব প্রতিনিধি, দাসপুর,
পশ্চিম মেদিনীপুর:
দাসপুরের এক সমবায় ব্যাঙ্কে গ্রাহকদের ভিড় বাড়ছে দিন দিন। আতঙ্কের আবহে মাত্র দশ দিনের ব্যবধানে গ্রাহকরা তুলে নিয়েছেন দুই কোটিরও বেশি টাকা। ঘটনার নেপথ্যে রয়েছে সমবায় ব্যাঙ্কের নির্বাচন ঘিরে তীব্র রাজনৈতিক চাপানউতোর।
গত মাসের ১৭ ও ১৮ তারিখে ছিল এই সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতির মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত দিন। অভিযোগ, সেদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় ব্যাঙ্ক চত্বরে। বিরোধীদের দাবি, মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়েছে তাঁদের, এমনকি পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। শেষপর্যন্ত দেখা যায়, সবকটি ৫৩টি আসনেই মনোনয়ন জমা পড়েছে শুধুমাত্র শাসকদলের পক্ষ থেকে।
এই পরিস্থিতিতে ভরসাহীন হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকেরা। অনেকেই মনে করছেন, রাজনৈতিক হস্তক্ষেপ ও অনিশ্চয়তার জেরে তাঁদের সঞ্চয় অনিরাপদ হতে পারে। সেই আশঙ্কা থেকেই শুরু হয়েছে হুড়োহুড়ি করে টাকা তোলার পালা। একের পর এক গ্রাহক ব্যাঙ্কে এসে টাকা তুলে নিচ্ছেন।
ব্যাঙ্ক সূত্রে জানা গেছে, মাত্র ১০ দিনেই ২ কোটি টাকার বেশি অর্থ গ্রাহকরা তুলে নিয়েছেন। যদিও পরিস্থিতি সামাল দিতে প্রতিদিন টাকা তোলার ঊর্ধ্বসীমা ২০ হাজার টাকায় বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু তাতেও কমছে না উত্তোলনের চাপ।
সমবায় ব্যাঙ্কের ম্যানেজার স্বীকার করছেন পরিস্থিতির জটিলতা। তিনি বলেন, "মানুষ ভয় পেয়ে গিয়েছেন। আমরা বোঝানোর চেষ্টা করছি, তবে আতঙ্ক থামানো যাচ্ছে না। এভাবে চললে ব্যাঙ্ক কার্যত ঝুঁকির মুখে পড়বে।"
এখনও পর্যন্ত প্রায় ১৭ কোটির আমানতের মধ্যে ২ কোটির বেশি তুলে নেওয়া হয়েছে। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তাহলে এই আর্থিক প্রতিষ্ঠানটিকে বড় সংকটের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা।

