বাল্যবিবাহ ও বিদ্যালয়ছুট রোধে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি: উলুবেড়িয়া,




নিজস্ব প্রতিবেদক ,উলুবেড়িয়া 


 বাল্যবিবাহ, অকাল গর্ভধারণ, বিদ্যালয়ছুট ছাত্রী সংখ্যা বৃদ্ধি, এবং কিশোরীদের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি এক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে।আর এই নিয়ে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হলো উলুবেড়িয়া ১নং ব্লকে।

এই কর্মসূচিতে উলুবেড়িয়া ১নং ব্লকের অধীনস্থ ৩১টি উচ্চ বিদ্যালয় ও জুনিয়র উচ্চ বিদ্যালয়ের কন্যাশ্রী ও স্বাস্থ্য বিষয়ক নোডাল শিক্ষকরা অংশগ্রহণ করেন। 

আলোচনা সভার মূল উদ্দেশ্য ছিল শিক্ষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যাতে তারা ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়গুলির গুরুত্ব বোঝাতে পারেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা যায়।

এই উপলক্ষে স্বেচ্ছাসেবী সংস্থা আলোর দিশা-র পক্ষ থেকে কন্যাশ্রী ছাত্রীদের হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন কিট বিতরণ করা হয়।



অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া-১ এর ব্লক উন্নয়ন আধিকারিক (বিডিও) এইচ. এম. রিয়াজুল হক, উলুবেড়িয়া দক্ষিণ চক্রের ও উঃ চক্রের ভারপ্রাপ্ত অবর বিদ্যালয় পরিদর্শক  সুরাজ মন্ডল,  এবং আলোর দিশা সংস্থার সদস্যরা।



বিডিও এইচ. এম. রিয়াজুল হক মহাশয় তাঁর বক্তব্যে বলেন, “বিদ্যালয় পর্যায়ে কন্যাশ্রী ক্লাবগুলিকে আরও সক্রিয় করতে হবে এবং ছাত্রছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন ব্যবহারের অভ্যাস ও মাসিক স্বাস্থ্যবিধি সম্পর্কে বৈজ্ঞানিক সচেতনতা গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ এবং অকাল গর্ভধারণ রোধে শিক্ষক সমাজ এবং অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ শুধু ছাত্রীদের সুস্বাস্থ্য ও উন্নয়নে সাহায্য করবে না, বরং সমাজ থেকে দীর্ঘমেয়াদী সামাজিক ব্যাধিগুলিও দূর করতে সহায়ক হবে।

 


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...