পরিবেশ রক্ষায় দু লক্ষ গাছ বিতরণ হাওড়ায়
নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
চারটি গাড়ি পাড়ি দিয়েছে রাজ্যের চার জেলায়। লক্ষ্য গাছ বিতরণ। এক হাজার দু হাজার গাছ নয়। এভাবেই গাড়ি করে আগামী চারমাস ধরে দু লক্ষ গাছ বিতরণ করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে । ভাবতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি । পরিবেশ রক্ষার বার্তা দিয়ে এই অসাধ্য সাধন করছেন হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা পরিবেশেপ্রমী হরেন পাত্র। রবিবার সকালে হাওড়ার সাঁকরাইলে অনুষ্ঠিত এক বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে এই কর্মসূচি শুরু হল।
পরিবেশপ্রেমী হরেন পাত্র জানান রবিবার চারটি গাড়ি বিভিন্ন প্রজাতির গাছ নিয়ে হাওড়া, হুগলি , দক্ষিণ চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। বিতরণ করবে গাছ। এরকমই প্রতি রবিবার আগামী চার মাস ধরে রাজ্যের বিভিন্ন জেলায় দু লক্ষ চারগাছ বিতরণ করা হবে। কি কি গাছ বিতরণ করা হবে ? তিনি বলেন আম , জাম , কাঁঠাল , শাল , সেগুন , চন্দন ও শিশু গাছ বিতরণ করা হচ্ছে । আগামী বছর চার লক্ষ গাছ বিতরণ করবেন তিনি। আগামী প্রজন্মকে সুন্দর পরিবেশ ফিরিয়ে দেবার জন্যই এই উদ্যোগ বলে তিনি জানান । এই অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের পরিবেশবিদ দেবযানী ভট্টাচার্য, সাঁকরাইলের প্রাক্তন বিধায়ক শীতল সর্দার, বিজ্ঞানী বসন্ত সিং , জেলা পরিষদ সদস্য তুষার কান্তি ঘোষ , সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সদস্য শিবাজি বিশ্বাস, থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা তন্দ্রা সরকার প্রমুখ।
