নিজস্ব সংবাদদাতা, হাওড়া:
এটা টোটো নয়তো ! মনে হবে এটা একটি ছোটো উদ্যান ! গল্প হলেও সত্যি ! টোটোর চারিদিকে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার বার্তা দিচ্ছেন হাওড়ার মৌড়িগ্রামের শিবনারায়ণ কর। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি চারিদিকে পরিবেশ ও শান্তির বার্তা ছড়িয়ে দেবার জন্য টোটো করে ঘুড়ছেন। টোটো চালিয়ে যা কিছু উপার্জন করেন তা দিয়ে তিনি সংসার খরচের পাশাপাশি গাছ কেনেন। এমনই মন্তব্য শিবনারায়ণ করের। শিবনারায়ণ জানান , তাঁর বাবা গত হয়েছেন। তিনি ছিলেন মাটির মানুষ। তিনি বলেছিলেন তুই পড়াশোনা করতে পারিসনিস তো কি হয়েছে তুই বুদ্ধিতে বেড়িয়ে যাবি । শুধু কি গাছ ? টোটোর মধ্যে শিবনারায়ণ শান্তির প্রতিক হিসাবে সাদা পায়রা সঙ্গে রাখেন। রবিবার সন্ধ্যায় হাওড়ার বালিটিকুরীতে সমাজসেবী কাল্টু দাসের উদ্যোগে আয়োজিত বৃক্ষ বিতরণ ও কৃতী ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে শিবনারায়ণ করকে মঞ্চে তুলে সম্বর্ধনা দেওয়া হয়। কাল্টু দাস জানান এরকম মানুষ আছে বলেই সমাজ আজ ঠিক আছে।
শিবনারায়ণ লেখাপড়া করেন নি। তবে তিনি সমাজের বুকে আলো ছড়াচ্ছেন । শিক্ষিত সমাজের বুকে তিনি সমাজ রক্ষার বার্তা ছড়াচ্ছেন । হয়ত তাঁর উপার্জন কম ! হয়ত তিনি নিজে শিক্ষার আলোয় আলোকিত নন ! তবে তাঁর টোটোর বৃক্ষের ছায়ায় একটুকরো স্বস্তি পৃথিবীর বুকে মিলিয়ে গিয়েছে অপরাহ্ন বেলায় ।
