শোকজ , বিপাকে ডেবরার বিধায়ক হুমায়ূন কবির




নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর

নদিয়ার কালীগঞ্জে নিহত কিশোরী তামান্না খাতুনের পরিবারের বাড়িতে গিয়ে বিতর্কে জড়ালেন পশ্চিম মেদিনীপুরের ডেবরার বিধায়ক হুমায়ূন কবির। দলকে না জানিয়ে নিহতের বাড়িতে যাওয়া ও আর্থিক সাহায্য দিতে যাওয়াকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস বিধায়ককে শোকজ করল।

বুধবার বিধায়ক হুমায়ূন কবির কালীগঞ্জে নিহত তামান্নার পরিবারের সঙ্গে দেখা করতে যান এবং অর্থ সাহায্য করার চেষ্টা করেন। কিন্তু এই আচরণে ক্ষুব্ধ হন তামান্নার মা। তিনি প্রকাশ্যে বলেন, “আমরা টাকা চাই না, আমার মেয়ের হত্যার বিচার চাই।” এই ঘটনাটি ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়।


ঘটনার পর তৃণমূল কংগ্রেস বিধায়ককে পাঠানো শোকজ চিঠিতে লেখা হয়েছে, “দলের অনুমতি ছাড়াই ২৫ জুন আপনার অযাচিত হস্তক্ষেপে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই শৃঙ্খলাভঙ্গের জন্য আপনাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হচ্ছে।” চিঠিতে আরও বলা হয়েছে, দলীয় অনুমতি ছাড়াই এমন কাজ ভবিষ্যতে মেনে নেওয়া হবে না।

প্রসঙ্গত, গত ১৯ জুন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন সিপিআইএম কর্মীদের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ওঠে। সেই বোমা বিস্ফোরণেই মৃত্যু হয় ১০ বছর বয়সী তামান্না খাতুনের। তাঁর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে ওঠে এলাকা। পরিবার তৃণমূল কংগ্রেসের দিকেই সরাসরি অভিযোগ তোলে। এই পরিস্থিতিতে শাসক দলের বিধায়ক নিজে গিয়ে পরিবারকে আর্থিক সাহায্য করতে গিয়ে আরও বিতর্ক তৈরি করলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...