ফাইলেরিয়া দূরীকরণ কর্মসূচি শুরু ইসলামপুর মহকুমায় ।
সুবল গোপ উত্তর দিনাজপুর।
ফাইলেরিয়া বা গোদ রোগ দূরীকরণে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তরের যৌথ উদ্যোগে শুরু হলো মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কর্মসূচি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, উত্তর দিনাজপুরের ইসলামপুর, গোয়ালপোখর-১, গোয়ালপোখোর-২ এবং চোপড়া ব্লকে ফাইলেরিয়া নির্মূল করার লক্ষ্যে স্বাস্থ্য আধিকারিক, সংশ্লিষ্ট ব্লকের বিডিও, জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রথম ধাপ চালু হয়েছে। প্রথম পর্যায়ে ২ রা মার্চ, ২০২৫ পর্যন্ত চলবে, ২য় পর্ব হবে ৭ই এপ্রিল, ২০২৫ থেকে ১২ই এপ্রিল, ২০২৫ পর্যন্ত। সোমবার ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে স্বাস্থ্য দপ্তর ফাইলেরিয়া প্রতিরোধী MDA (Mass Drug Administration) এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সি এম ও এইচ ডাঃ দেবাশীষ কুমার রায়, মেডিকেল অফিসার ডঃ মসরুর আলি নাইয়ার, এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ । এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফাইলেরিয়া মুক্ত জেলা গড়তে প্রথম ধাপে এই কর্মসূচির মাধ্যমে ওষুধ সেবন শুরু হয়েছে। পরবর্তীকালে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানোর ব্যবস্থা করবেন। প্রশাসনের লক্ষ্য,
জেলার প্রতিটি মানুষকে ফাইলেরিয়া প্রতিরোধী ওষুধ সেবন করিয়ে রোগ নির্মূল করা। জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে নাগরিকদের এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।


