জীবিত ব্যক্তি কে মৃত বলে ঘোষণা, চাঞ্চল্য

জীবিত রোগীকে মৃত ঘোষণা, মেদিনীপুর হাসপাতালে চিকিৎসকদের বিরুদ্ধে 
গুরুতর অভিযোগ।

 তারক হরি, পশ্চিম মেদিনীপুর
জীবিত রোগীকে মৃত বলে ঘোষণা করার অভিযোগ ঘিরে রবিবার রাতে চরম উত্তেজনা ছড়াল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। স্নান করতে গিয়ে কংসাবতী নদীতে ডুবে যাওয়া এক কিশোরকে (১৮) অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কিন্তু পরিবারের অভিযোগ, চিকিৎসকেরা সঠিকভাবে পরীক্ষা না করেই ওই সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে,খড়গপুরের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভি সাই নামে ওই কিশোর রবিবার বিকেলে বন্ধুদের সঙ্গে কংসাবতী নদীতে স্নান করতে গিয়ে জলে তলিয়ে যায়। স্থানীয়দের চেষ্টায় উদ্ধার হওয়ার পর তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইমার্জেন্সিতে উপস্থিত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে মাথায় ডেথ স্টিকার লাগিয়ে দেন। পরিবারের দাবি, মৃত ঘোষণা করার পর মুখে ফুঁ দিয়ে চাপ দিলে কিশোর জল বমি করতে শুরু করে এবং শ্বাস-প্রশ্বাস নিতে থাকে। এরপর তাদের দাবির ভিত্তিতে অক্সিজেন দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শেষমেশ কিশোরের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকদের গাফিলতির কারণেই কিশোরের মৃত্যু হয়েছে। তারা জানান, বারবার অনুরোধ করা সত্ত্বেও কোনো সিনিয়র চিকিৎসক আসেননি। জুনিয়র ডাক্তারদের উপস্থিতিতেই পুরো ঘটনা ঘটে। সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি এবং দ্রুত সঠিক ব্যবস্থা না নেওয়া চিকিৎসা পরিষেবার বড় গাফিলতির উদাহরণ বলে দাবি করেছেন মৃতের পরিবার ও আত্মীয়রা। খড়গপুরের কাউন্সিলর ফিদা হোসেন বলেন, "চিকিৎসকদের গাফিলতিতেই কিশোরের মৃত্যু হয়েছে। আমি এই ঘটনার জন্য জেলা শাসক, পুলিশ সুপার ও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাব।" হাসপাতাল সুপার ডা. জয়ন্ত রাউত বলেন, "মৃত ব্যক্তির পেশি সংকোচনের কারণে মুখ দিয়ে তরল বের হতে পারে। এটা দেখে পরিবারের লোকজন রোগীকে জীবিত ভেবেছিলেন। তবে কিশোরকে মৃত অবস্থাতেই হাসপাতালে আনা হয়েছিল।"
ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে টানা কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনা আবারও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতি এবং চিকিৎসা পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলেছে। পরিবারের দাবির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...