খড়গপুর শহরে ঢুকে পড়ল বিশাল হাতির দল! উৎসাহী জনতার ভিড়, তৎপর বনদপ্তর ও পুলিশ প্রশাসন
তারক হরি, পশ্চিম মেদিনীপুর
রেল শহর খড়গপুরে প্রবেশ করেছে ১০-১২টি হাতির একটি বিশাল দল, ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । মঙ্গলবার ভোর রাতেই শহরবাসীর দোরগোড়ায় চলে আসে হাতির এই দলটি। বর্তমানে খড়গপুর স্টেশন ও রেলওয়ে হাসপাতাল সংলগ্ন সাউথ সাইড এলাকার ছোট্ট এক জঙ্গলে অবস্থান করছে হাতির দলটি। ভোর থেকেই স্টেশন থেকে ঢিল ছোঁড়া দূরত্বে মহকুমা হাসপাতাল এলাকা এবং সাউথ সাইডের রাস্তায় দাপিয়ে বেড়াচ্ছে এই বিশাল প্রাণীগুলো।
হাতির দল শহরে প্রবেশ করায় সাউথ সাইড এলাকার একাধিক রাস্তা প্রশাসনের তরফে বন্ধ করে দেওয়া হয়েছে। বনদপ্তর ও পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন, সাথে আছেন হুলা পার্টির সদস্যরাও। জানা গেছে, সোমবার গভীর রাতে ঝাড়গ্রাম থেকে রেললাইন পেরিয়ে খড়গপুর শহরে ঢুকে পড়ে হাতির দলটি।
শহর থেকে হাতির দলটিকে বের করতে বনদপ্তর ও পুলিশ বাহিনী সক্রিয় রয়েছে সকাল থেকেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জনসুরক্ষা নিশ্চিত করতে সাউথ সাইড এলাকার বেশ কয়েকটি রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে।


