ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিলেন ভোটকর্মীরা, চরম তৎপরতা ডিসিআরসি সেন্টারে
তারক হরি, পশ্চিম মেদিনীপুর
রাত পোহালেই মেদিনীপুর বিধানসভার উপনির্বাচন। তার আগের দিন থেকেই ভোটকর্মীদের তৎপরতা দেখা গেল মেদিনীপুর কলেজের ডিসিআরসি সেন্টারে। পশ্চিমবঙ্গের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে, যার মধ্যে মেদিনীপুরের ২৩৬ নম্বর বিধানসভা কেন্দ্রও অন্তর্ভুক্ত। এই উপনির্বাচন ঘিরে চলছে প্রস্তুতি পর্ব, যা মেদিনীপুর কলেজে ডিসিআরসি সেন্টারে তীব্র আকার ধারণ করেছে।
মঙ্গলবার সকাল থেকেই ভোটকর্মীরা প্রয়োজনীয় ভোট সামগ্রী সংগ্রহ করে মেদিনীপুর কলেজের ডিসিআরসি সেন্টার থেকে তাদের নির্ধারিত ৩০৪টি ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেন। ভোটগ্রহণের জন্য প্রায় ২ লক্ষ ৯২ হাজার ভোটারের জন্য প্রায় ১৮০০ ভোটকর্মী নিয়োগ করা হয়েছে, যার মধ্যে মহিলা ভোটকর্মীরাও রয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে চরম তৎপরতা লক্ষ্য করা যায়। মহিলা ভোটকর্মীদের জন্য বরাদ্দ গাড়িতে করে দুপুর থেকেই তাঁরা ভোটকেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে সুষ্ঠু ও স্বচ্ছ ভোট পরিচালনার জন্য সর্বস্তরে চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


