পূজার সময় মুর্শিদাবাদ জেলার পর্যটনে জোয়ার

পুজোর মরশুমে মুর্শিদাবাদে পর্যটক সমাগম, শুরু হয়েছে হোটেল বুকিং রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ:
পুজোর মরশুম শুরু হতেই সাবেক নবাবি তালুক মুর্শিদাবাদে পর্যটক সমাগম শুরু হয়েছে। মহালয়ার দিন থেকেই হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম, কাটরা মসজিদ, কাঠগোলাপ বাগান, নশিপুর রাজবাড়ি, মোতিঝিল বা প্রকৃতিতীর্থে পর্যটকরা ভিড় জমাচ্ছেন। ওই সমস্ত দর্শনীয় স্থানের পাশাপাশি পর্যটকদের আনাগোনায় শহরের রাস্তাঘাট সরগরম। যার ফলে পর্যটনশিল্পের সঙ্গে জড়িত মানুষের মুখে হাসি ফুটেছে। পুজোর সময় কয়েকদিন ইতিহাসবিজড়িত এই শহরে কাটানোর জন্য হোটেল বুকিং শুরু হয়েছে। ভাইফোঁটার পরও একসপ্তাহ অবধি মুর্শিদাবাদে বহু মানুষ বেড়াতে আসবেন বলে পর্যটন ব্যবসায়ীরা আশায় বুক বাঁধছেন। মুর্শিদাবাদ জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ-এর সম্পাদক স্বপন ভট্টাচার্য বলেন, পুজোয় ছোট ট্রিপের জন্য পর্যটকদের অনেকে নবাবের শহরকে বেছে নিয়েছেন। ফলে বিভিন্ন হোটেলে ভিড় বাড়ছে। মুর্শিদাবাদ শহরে রয়েছে নবাবি আমলের প্রাসাদ, মসজিদ, স্মৃতিসৌধ সহ একাধিক স্থাপত্য নিদর্শন। এছাড়া, মোতিঝিল মসজিদ লাগোয়া সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে বিনোদন পার্ক। কয়েকবছরে হাজারদুয়ারি, ইমামবাড়া, কাটরা মসজিদ, খোসবাগে সিরাজের সমাধি, মোতিঝিল দেশবিদেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
শহরের হোটেল ব্যবসায়ী পরিতোষ দাস বলেন, মহালয়ার পর থেকে ভাইফোঁটা পর্যন্ত পুজো মরশুম। শীতের মতো পুজোর মরশুম দীর্ঘ না হলেও পর্যটকের ঢল নামে। এসময় শহরের ছোটবড় সমস্ত হোটেলে ঘর পাওয়া দুষ্কর হয়ে পড়ে। এবার মহালয়ার দিন থেকেই হোটেল বুকিং শুরু হয়েছে। প্রায় সব ঘর ইতিমধ্যে বুকড হয়ে গিয়েছে। অপর এক হোটেল ব্যবসায়ী বলেন, পুজোর ছুটিতে সমুদ্র ও পাহাড়ের পাশাপাশি নবাবি শহরও ডেস্টিনেশন হয়ে উঠেছে। সেকারণে পুজোর মরশুমে ভালো ব্যবসা হবে বলে আশা করছি। কেল্লা নিজামতের একটি খাবারের হোটেলের মালিক বলেন, গত শীতের মরশুমের পর কিছুদিন পর্যটক সংখ্যা তলানিতে ঠেকেছিল। পুজোর মরশুম শুরু হতেই ব্যবসা চাঙ্গা হতে শুরু করেছে। পেশায় গাইড বাসির খান, বাসুদেব দাস জানালেন, ভালো রোজগারের আশায় শীতের পাশাপাশি পুজোর মরশুমের দিকে তাঁরা তাকিয়ে থাকেন। এখন থেকেই পর্যটক আসা শুরু হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...