মুক্ত পরিবেশে বাঁধনছাড়া থিম জগাছার পুজো মন্ডপে
অমিত জানা, হাওড়া:
বন্দী নয়, উড়তে চাই। বাঁধন ভেঙে সাজতে চাই। আকাশ টাকে ধরতে চাই। যে সকল প্রাণীরা কথা বলতে পারে না। তাদের মনের ইচ্ছা হয়ত অনেকে বুঝতে পারে না। কিন্তু উপলব্ধি করতে পারে। হাওড়ার জগাছার ধাড়সা ইউথ অ্যাসোসিয়েশনের ৫৪ তম বর্ষের কালীপুজোয় এবার সেই উপলব্ধির বহিঃপ্রকাশ হবে। তাঁদের এবছরের থিমের নাম " বাঁধনছাড়া " । মূলত পাখীদের মনের কথা তুলে ধরছেন তাঁরা । পাখীদের মুক্ত পরিবেশ ক্রমশঃ হারিয়ে যাচ্ছে । সেই দৃষ্টিভঙ্গি থেকে এ বছরের মন্ডপ তুলে ধরেছেন তাঁরা । এক অপরুপ মণ্ডপসজ্জা ফুটে উঠেছে তাদের পুজো মন্ডপে । বুধবার বিকেলে রাজ্য মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য অরূপ রায় এই পুজোর উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান ডাক্তার সুজয় চক্রবর্তী ও সমাজসেবী বিমান রায় ।
ক্লাব সম্পাদক তাপস পাল জানান, বর্তমানে মুক্ত পরিবেশ শিল্প কলকারখানার ধোঁয়ায় হাঁপিয়ে উঠেছে। পাশাপাশি মোবাইল টাওয়ারের কু প্রভাব ও পাখী শিকারীদের দৌরাত্ব ক্রমশঃ বেড়ে উঠেছে। তাই এই থিমের মধ্যে দেখানো হচ্ছে পাখীরা উড়তে চায়, বাঁচতে চায়, মুক্তি চায়। শোলা, প্যাকাঠি ও বিভিন্ন গাছের দৃষ্টিভঙ্গি দিয়ে এই মন্ডপ নির্মাণ হয়েছে। প্রতিমাও থিমের সঙ্গে মানানসই বলে তিনি জানান । এই পুজোর মন্ডপ শিল্পীর নাম শুভঙ্কর কোলে। প্রতিমা নির্মাণ করেছেন শ্যামল পাল , আলোকসজ্জায় কানু ইলেকট্রিকস। পুজোর বাজেট প্রায় আড়াই লক্ষ টাকা । পাঁচদিন ধরে এখানে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ক্লাব সদস্য কানাই জানা, শেখর পাঁজা, বাপ্পা, বিমল কৃষ্ণ সাহা, সঞ্জু দে, নিবেদিতা কোলে সকলেই জানান পুজোয় পরিবেশ রক্ষার বার্তা ফুটিয়ে তোলার জন্যই তাঁদের এই থিম। মূলত এই পুজোয় মহিলারাও গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেন।

