শারদ লিটিল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব

আয়োজক তরুণ সংঘ লাইব্রেরী ও ইলশেগুঁড়ি সাহিত্য পরিবার। গত ২১ ও ২২ সেপ্টেম্বর ২০২৪ বাকসাড়া তরুণ সঙ্ঘ লাইব্রেরী ও ইলশেগুঁড়ি সাহিত্য পরিবারের মিলিত উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক শারদ লিটল ম্যাগাজিন মেলা ও সাহিত্য উৎসব মানুষের পদার্পনে সফল হয়ে উঠলো।
একদম শুরুতেই উদ্বোধন করা হল একটি মনোজ্ঞ প্রদর্শনী - "বাংলা সন ও বাংলা পাঁজি"। প্রদীপ প্রজ্জ্বলন করে এই প্রদর্শনীটির শুভ উদ্বোধন করেন প্রদর্শনীটির রচয়িতা ও নির্মাতা বিশিষ্ট গবেষক ডা. সুকান্ত মুখোপাধ্যায়। এরপরই শুরু হলো তরুণ সঙ্ঘ লাইব্রেরীর নিজস্ব লিটল ম্যাগাজিন বিভাগের, যার তত্ত্বাবধানে ইলশেগুঁড়ি। উদ্বোধন করেন বর্ষিয়ান ইলশেগুঁড়ি সদস্য বিশিষ্ট শিক্ষক ও কবি শ্রী দিলীপ নন্দী। এরপর দোতলায় মেলা মঞ্চে বিশিষ্ট অতিথিবৃন্দ ইলশেগুঁড়ির তরুণ সদস্যা বৈশাখী সেনশর্মার আঁকা শরৎ আবহে দুর্গা প্রতিমায় শিউলি ফুল অর্পণ করে উদ্বোধন করলেন শারদ মেলার। প্রারম্ভিক বক্তব্য রাখলেন তরুণ সঙ্ঘ লাইব্রেরীর সম্পাদক শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ইলশেগুঁড়ি সম্পাদক দেবব্রত ঘোষ মলয় এবং গ্রন্থাগারিক বিভাস ঘোষ। এরপর ইলশেগুঁড়ি পত্রিকার শারদ সংখ্যা প্রকাশিত হয়। শ্রদ্ধেয় শিল্পী শ্রীযুক্ত দীননাথ সাহা ও শ্রীযুক্ত সৈকত কুন্ডুর হাতে ইলশেগুঁড়ি সম্মান তুলে দেওয়া হয়। হাওড়া ও সন্নিহিত জেলার পনেরোটির বেশী পত্রিকা তাদের নানা ধরনের পত্রিকা ও বইয়ের‌ সম্ভার নিয়ে উপস্থিত ছিলেন। তরুণ সঙ্ঘ লাইব্রেরীর পক্ষ থেকে সম্মান জানানো হয় লাইব্রেরীর কয়েকজন শ্রদ্ধেয় প্রবীণ সদস্য এবং সদস্যাকে এবং সম্বর্ধনা দেওয়া হয় তরুণ সংঘ লাইব্রেরীর তরুণ সদস্য ড. দেবজ্যোতি লাহিড়ীকে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে PHD ডিগ্রি অর্জনের জন্য। এছাড়া স্বরচিত কবিতা, আবৃত্তি, সংগীত পরিবেশন, গল্প-আড্ডায় মেলা প্রাঙ্গণটি আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী সংগীতের কিশোর স্নেহাংশু এবং কবিতা ও গানের কোলাজে অংশ নেন পিয়াসী পুরকাইত এবং মিতালী দাস। দ্বিতীয় দিনে মেলা শুরু হয় ঠিক চারটেয়। এদিন একদম প্রথমেই ভীরাসত আর্ট পাবলিকেশন আয়োজিত পাঠক সন্ধ্যায় অংশগ্রহণকারীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে মেলামঞ্চ। প্রথম তিন বিজয়ী ছাড়াও মানপত্র পুরস্কার দেওয়া হয়, প্রত্যেক অংশগ্রহণকারীকে। এরপর জলবায়ু পরিবর্তনের রাজনীতি শীর্ষক একটি সেমিনার উপস্থাপনা করেন ভারত ও কানাডার বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ডঃ সৈকত বাসু। তারপরই ডোঙরিয়া খোন্ড উপজাতিদের নিয়ে একটি সেমিনার উপস্থাপন করেন অধ্যাপিকা সুপর্ণা সান্যাল মুখার্জী।
এরপর কুমারী অদৃজা মুখোপাধ্যায় প্রদত্ত দেবাশীষ মুখোপাধ্যায় স্মৃতি ইলশেগুঁড়ি সম্মান প্রদান করা হয় বিশিষ্ট সাহিত্যিক ও সম্পাদক শ্রী অরূপ দাসকে। বৈশাখী সেনশর্মা ও পারমিতা সেনগুপ্ত প্রদত্ত শঙ্কর সেনশর্মা ইলশেগুঁড়ি প্রচ্ছদশিল্পী সম্মান প্রদান করা হলো মলয় দত্ত সৈকত কুণ্ডু, সুবোধ পান্ডে, দীননাথ সাহা, সুতপা বর্ধন ও টুসি দাসকে। তুহিন কান্তি বিশ্বাস স্বপন পর এলো দেবব্রত ঘোষ মলয় প্রদত্ত সৃজন পাল স্মৃতি ইলশেগুঁড়ি সেরা লেখার জন্য পুরস্কার পেলেন পম্পা সেন শর্মা। দেবব্রত ঘোষ মলয় ও সত্যব্রত ঘোষ প্রদত্ত ইলশেগুঁড়ি সেরা সবুজপত্র সম্মান পেলেন বসিরহাটের পত্রিকা বিবস্বানা। নানা কারণে অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় পম্পা সেনশর্মা, বিবস্বান পত্রিকা, মলয় দত্ত ও টুসি দাসকে পরে এই সম্মান প্রদান করা হবে। মেলায় প্রকাশিত হলো ইলশেগুঁড়ি সম্মানে ভূষিত চার কবি অজিতেশ নাগ, আর্যতীর্থ, সুজান মিঠি ও সুমন দিন্ডা রচিত কাব্যগ্রন্থ চতুরঙ্গ। মেলায় কবিতা পাঠ করেন উপস্থিত কবিবৃন্দ। মাঝে মাঝে সংগীত পরিবেশন করেন তরুণ সংঘ ও ইলশেগুঁড়ি সদস্যগণ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অথ দীপ ভব, আমাদের পদক্ষেপ, আয়ুরেষণা, ইলশেগুঁড়ি, ঋ পত্রিকা, কবিতাব্রত, কাকলিকথা, তৃতীয় পক্ষ, পথের সুজন, প্রবাহ, বৈতালিক চুঁচুড়া, বৌদ্ধ পুরাতত্ত্ব, মিলন, রোদে ধান ছায়ায় পান, শব্দসেনা, শরৎশশী, সাদীনামা পত্রিকাগুলি। মেলার শেষ লগ্নে মেলায় উপস্থিত সমস্ত সম্পাদকদের সম্মাননা দেওয়া হয় ইলশেগুঁড়ি ও তরুণ সঙ্ঘ লাইব্রেরির পক্ষ থেকে। সমস্ত অনুষ্ঠানটিতে সুচারু সঞ্চালনা করেন দেবব্রত ঘোষ মলয়। একদম শেষে উপস্থিত সকলের জাতীয় সংগীত পরিবেশনের পর মেলার সমাপ্তি ঘোষনা করেন তরুণ সংঘ লাইব্রেরীর সম্পাদক শুভজিৎ বন্দ্যোপাধ্যায় এবং ইলশেগুঁড়ি সম্পাদক দেবব্রত ঘোষ মলয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...