মধুচক্র ফাঁস রাজারহাটে, গ্রেফতার ৫ জন,
পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রের খবর ছিল আগেই। সেই ভিত্তিতে সম্প্রতি মধুচক্রে জড়িত এক কল সেন্টারে হানা দেন বিধাননগর থানার পুলিশ কমিশনারেটের আওতাধীন রাজারহাট থানার তদন্তকারীরা।
এই চক্রের বিরুদ্ধে মূল অভিযোগ, নির্দিষ্ট কাউকে ভিডিও কল করে কথাবার্তা চলাকালীন স্ক্রিন রেকর্ডার-এর মাধ্যমে সেই কল রেকর্ড করা।
এবং তারপর সেই রেকর্ডিং ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করা। সাইবার-অপরাধের দুনিয়ায় যাকে বলে 'Sextortion’।
বলা বাহুল্য, সঙ্কোচের বশবর্তী হয়ে এবং সামাজিক কলঙ্কের ভয়ে অনেকেই চুপচাপ টাকার দাবী মিটিয়ে দিতেন বলে জানা যায়।
যার ফলে এই ব্যবসা চলছিল ভালোই। এবার থেকে বন্ধ হল অসাধু ব্যবসা।
এই মামলায় এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে দেগঙ্গার বাসিন্দা ইমরান তরফদার (৪১), জগাছা নিবাসী মিঠু পাল (৩৫), নাগেরবাজারের জয়শ্রী সাধুখাঁ (১৯), নরেন্দ্রপুরের মমতা সিং (২৩), এবং উত্তর ২৪ পরগণার কামারহাটির বাসিন্দা লক্ষ্মী শাহ (৩৫)। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ৩২টি মোবাইল ফোন, ২৫২টি সিম কার্ড, একটি ক্যামেরা স্ট্যান্ড, বিভিন্ন ব্যাঙ্কের ৪৭টি ডেবিট কার্ড, ১৭টি পাসবই, ৩২টি সিম বক্স ও ১৭টি ওয়াকি-টকি।
মধুচক্রের বাকি সদস্যদের খোঁজ চলছে।