বিদ্যালয়ের আর্কাইভ উদ্বোধন, উলুবেড়িয়া



নিজস্ব প্রতিবেদক, উলুবেড়িয়া


দেশের উন্নতির ক্ষেত্রে শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যর গুরুত্ব অনেক, রক্ষা করার দায়িত্ব ছাত্র ছাত্রীদের, প্রাথমিক বিদ্যালয়ে আর্কাইভ এর উদ্বোধন করে বললেন বিডিও

গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া ১ ব্লকের হাটগাছার বাড়মংরাজপুর প্রাথমিক বিদ্যালয়ে ' আমাদের হাওড়া ' শীর্ষক আর্কাইভ এর উদ্বোধন করেন উলুবেড়িয়া ১ ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক। তিনি বলেন, ' সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত ও সহযোগী শিক্ষক শিক্ষিকা সহ সাংবাদিক অর্ণব সাউ কে ধন্যবাদ জানাই। আমাদের হাওড়া শীর্ষক আর্কাইভ অর্ণব বাবুর সহযোগিতায় গড়ে উঠেছে। দেশের উন্নতি নির্ভর করে সেই দেশের শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যর গুরুত্বের উপর, তার রক্ষা করার দায়িত্ব ছাত্র ছাত্রীদের। ' আমাদের হাওড়া শীর্ষক আর্কাইভে রবীন্দ্র সেতু, বেলুড় মঠ, সেমাফোর টাওয়ার, ভোটবাগান মঠ, আন্দুল রাজবাড়ী, হাওড়া টাউন হল, বোটানিক্যাল গার্ডেন, কলিকাপাতারি নৃত্য, শরৎ চন্দ্র কুঠি, জেলাশাসকের বাংলো, গড়চুমুক পর্যটন কেন্দ্র, গড় ভবানীপুর রায়বাঘিনী রানী ভবশঙ্করী স্মৃতি পর্যটন কেন্দ্র, হাওড়া স্টেশন, আনন্দ নিকেতন কীর্তিশালা ইত্যাদি স্থান পেয়েছে। পাশাপাশি, জেলার ইতিহাসে তার গুরুত্ব কতটা তার ইতিহাস তুলে ধরা হয়েছে। 


      বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত বলেন, ' বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক শিক্ষায় ছাত্র ছাত্রীদের উন্নীত করার জন্য অর্ণব সাউ এর সহযোগিতায় এই আর্কাইভ গড়ে তোলা হলো। তথ্য ও ছবি সম্বলিত ইতিহাস ছাত্র ছাত্রীদের সামনে তুলে ধরা হলো। ছাত্র ছাত্রীদের মধ্যে জেলা সম্পর্কে ধারণা তৈরি হবে। নিজের জেলায় কোথায় কি আছে, জানতে পারবে, শিখতে পারবে। বই এর পাতার বাইরে সামাজিক শিক্ষায় তাদের শিক্ষিত করে তুলতে পারবো। ' 


      এদিন আর্কাইভ উদ্বোধনের পাশাপাশি বৃক্ষসখা জন্মমাস পালন করা হয়। ছাত্র ছাত্রীদের জন্মদিনের সঙ্গে রাখি পরিয়ে গাছেদের জন্মদিন পালন করা হয়। বিদ্যালয়ের পরিবেশ বান্ধব কর্মসূচীর পাশাপাশি সামাজিক ও পরিবেশ বার্তাবহ ক্যালেন্ডার প্রকাশ করা হয়।



 উপস্থিত ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এইচ এম রিয়াজুল হক যাদের জন্মদিন তাদের হাতে সবুজ বার্তাবহ রাখি পরিয়ে দেন। বিডিও সহ সাংবাদিক অর্ণব সাউ ও অগ্নিনির্বাপণ কর্মী প্রিয়জিত খান উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজদূত সামন্ত উপস্থিত সকলকে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের ছাত্রীরা অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...