খাদ্য আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানিয়ে আজ বৃহস্পতিবার বাগনানে শহীদ দিবস পালন করল এস ইউ সি আই (সি) দলের বাগনান লোকাল কমিটি।
শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের প্রবীণ সদস্য অরূপ রতন সাহা, লোকাল সম্পাদিকা পম্পা সরকার সহ অন্যান্য সদস্যরা।
শহীদ দিবস পালনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দলের জেলা কমিটির সদস্য নিখিল বেরা বলেন,"১৯৫৯ সালে কলকাতার রাজপথে 'খাদ্য চাই,খাদ্য দাও' এই শ্লোগানে মুখরিত বুভুক্ষু মানুষের মিছিলে তৎকালীন পশ্চিমবঙ্গের শাসক নির্মমভাবে পুলিশি আক্রমণ নামিয়ে এনেছিল। সেই মিছিলে খাদ্যের জোগান দিতে অক্ষম সরকার পুলিশ দিয়ে নির্বিচারে গুলি চালিয়েছিল এবং প্রায় ৮০ জন আন্দোলনকারী প্রান হারিয়েছিলেন।
সেই থেকে আজকের দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করছে এরাজ্যের সংগ্রামী জনগণ।
এমনকি এই শহীদ দিবস পালন উপলক্ষে এস ইউ সি আই (সি) সহ ১৩ টি বামপন্থী দলের আহ্বানে কলকাতায় ১৯৯০ সালে বাসভাড়াবৃদ্ধি ও মূল্যবৃদ্ধি বিরোধী আন্দোলনের মিছিলেও সি পি এম পরিচালিত বামফ্রন্ট সরকার নির্বিচারে লাঠিচার্জ করে ও গুলি চালিয়েছিলেন এবং
এই আন্দোলনে শহীদ হয়েছিলেন এক কিশোর ছাত্র নাম মাধাই হালদার।
তার প্রতিও শ্রদ্ধা জানানো হয় আজকের দিনে এই দলের পক্ষ থেকে।
উল্লেখ্য তখন গুলি চালানোর পর চরম ঔদ্ধত্য দেখিয়ে সেই সময় তৎকালীন মূখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিলেন যে তিনি এই "নিরামিষ আন্দোলনকে আমিষ করে দিলেন।"
সেদিন শুধু খাদ্যের দাবিতে এই বাংলার জনগণ আন্দোলনে মুখর হয়েছিলেন,আজ কেন্দ্র ও রাজ্য সরকার আরও বহুবিধ আক্রমণ জনজীবনে নামিয়ে এনেছেন বলে অভিযোগ এস ইউ সি আইয়ের।
আজ এই শহীদ দিবস পালনের সঙ্গে সঙ্গে কেন্দ্র-রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন দলের নেতৃবৃন্দ।




