
জলের তীব্র স্রোতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো হাওড়ার দ্বীপ এলাকা ভাঁটোরা মাড়োখানার মুন্ডেশ্বরী নদীর উপর তৈরি বাঁশের সাঁকো।
এরফলে হাওড়া জেলার দ্বীপ এলাকার সঙ্গে হুগলী জেলার যোগাযোগ সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়ে গেল মঙ্গলবার থেকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে মুন্ডেশ্বরী নদীর বুক থেকে পলি তোলার কাজ শুরু হবে খুব শীঘ্রই।
কিন্তু বোরো চাষের জন্য সেই জল অস্থায়ী বাঁধ দিয়ে ঘিরে রাখা হয়েছিল হুগলী পয়েন্টে।
মঙ্গলবার সকালে ঘিরে রাখা সেই বাঁধ কেটে দেওয়া হয়।
যারফলে জমা জল হু হু করে ঢুকে মুন্ডেশ্বরী নদীর উপর দীর্ঘ প্রায় তিরিশ মিটার বাঁশের শক্তপোক্ত সাঁকো ভেঙে পড়ে।
এরফলে বিপাকে পড়লো দ্বীপ এলাকা ছুঁয়ে দ্রুত আরামবাগ পয়েন্ট যাওয়া হাজার হাজার মানুষ।
প্রসঙ্গত ভেঙে যাওয়া এই ঘাটটি হাওড়া জেলা পরিষদের নিয়ন্ত্রনাধীন।
স্রোতের প্রকৃতি বুঝতে পেরে মঙ্গলবার থেকেই এই ঘাট সাঁকো দিয়ে যাতায়াত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রশাসন, জানালেন ভাঁটোরা গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক কুমার গায়েন।
এই বিষয়টি নিয়ে আমতা দুই পঞ্চায়েত সমিতির সহসভাপতি দিলুয়ার হোসেন মিদ্যা জানান,"স্রোত না কমলে এখন কিছুই করা যাবে না।আপাতত নৌকার সাহায্যে নদী পারাপার করতে হবে"।
তবে কুলিয়ায় স্রোতের চাপ বাড়ছে বলে জানান তিনি।


