কল্যান দত্ত :পূর্ব বর্ধমান
পূর্ব বর্ধমান জেলার মেমারির রসুলপুরে রথের মেলায় ভেঙে পড়ল নাগরদোলা। জানা যায় শুক্রবার রাতের ওই দুর্ঘটনায় জখম হয়েছেন চার জন। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মেমারি গ্রামীণ হাসপাতালে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যার পর থেকেই মেলায় ভিড় বাড়তে থাকে। তার পরই ঘটে এই দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, নাগরদোলাতে সমস্ত সিটেই আরোহী ছিল। সবে নাগরদোলা ঘুরতে শুরু করে আর সেই সময় ঘটে বিপত্তি। নাগরদোলা ভেঙে উপর থেকে চারজন পড়ে গিয়ে জখম হয়। ঘটনাস্থলে পৌছায় মেমারি থানার পুলিশ। জানা যায় নাগরদোলা চালু হতেই সেটির বেল্ট ছিঁড়ে গেলে ঘটে বিপত্তি। পুলিশ নাগরদোলার মালিক ও অপারেটর সহ তিনজনকে আটক করে।
তিনজন যথাক্রমে শেখ জাহাঙ্গীর, বয়স-৩৪ বছর, পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বাড়ি, শেখ সামসুদ্দিন, বয়স-৫০ বছর, বাড়ি পূর্ব বর্ধমান জেলার রায়নায় এবং গৌরাঙ্গ মাঝি, বয়স-৪৫ বছর, বাড়ি পূর্ব বর্ধমানের দক্ষিণকূলে। ধৃত তিনজনকে আদালতে পেশ করেছে মেমারি থানার পুলিশ।
