সংবাদদাতা, অন্ডাল :
এটিএম ভেঙ্গে টাকা নিয়ে পালালো দুষ্কৃতীরা । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে কাজোড়া মোড়ে এস,বি,আই ব্যাংক-এর এটিএম-এ ।
ঘটনা সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কাজোরা মোড়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংক এসবিআই এর এটিএম এ মেশিন ভেঙ্গে টাকা লুট করে পালায় একদল দুষ্কৃতী । দুষ্কৃতীরা এটিএম এ ঢুকে প্রথমেই সিসিটিভি ক্যামেরায় স্প্রে করে, যাতে কোন ছবি না ওঠে । তারপরে গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে টাকা বের করে চম্পট দেয় দুষ্কৃতী দলটি । বুধবার সকালে গ্রাহকেরা প্রয়োজনে এটিএমে এলে দেখে এটিএমের শাটার বন্ধ । সাটার খোলার পর দেখা যায় এটিএম মেশিন ভাঙ্গা । খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন এস বি আই ব্যাংকের আধিকারিকেরা ও অন্ডাল থানার পুলিশ ।
ব্যাংক আধিকারিক চন্দন কুমার জানান গতকাল রাত্রি নটা নাগাদ শেষবার এটিএমে ট্রানজেকশন হয়েছে । সম্ভবত তারপরই দুষ্কৃতীরা এই কান্ড ঘটায় । লুট হওয়া টাকার হিসেব করা হচ্ছে বলে জানান তিনি । স্থানীয় বাসিন্দারা জানান গতকাল বিকেলে প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল । সেই সুযোগ কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা । অন্ধকার থাকার ফলে দুষ্কৃতীদের কর্মকাণ্ড টের পায়নি স্থানীয়রা । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক ।

