রাজেন্দ্র নাথ দত্ত:মুর্শিদাবাদ :
নিজের কষ্টের পয়সায় কেনা মোবাইল বা প্রিয়জনের উপহার দেওয়া মোবাইল, তা সবসময় প্রিয় হয় নিজের কাছে। আর তা হারিয়ে বা চুরি গেলে মন খারাপ হয়ে যায়। কিন্তু হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল ফের কয়েকমাস পর ফিরে গেলে আনন্দের শেষ থাকে না। এই কাজটাই করলো মুর্শিদাবাদ জেলা পুলিশ। ১৪৬ জনের হারিয়ে বা চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে তা ফিরিয়ে দেওয়া হল। কয়েক মাসের মধ্যেই যার মোবাইল তার কাছে।
মোবাইল ফিরে পেয়ে কারওর চোখে জল, তো কারওর মুখে একগাল হাসি।নাগরিক পরিষেবা প্রদানকে আরো সুচারুরূপে জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে মুর্শিদাবাদ জেলা পুলিশের নানাবিধ অনুষ্ঠানের মধ্যে "প্রয়াস " অন্যতম। হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় এই অপারেশন প্রয়াস "-র মাধ্যমে। মুর্শিদাবাদ পুলিশের জেলা আরক্ষাধক্ষ্য, কে. সবরী রাজকুমার (আই পি এস)এর উদ্যোগে, "প্রয়াস" প্রকল্পের মাধ্যমে, হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তার নবম দফায় স্পেশাল অপরেশন স্কোয়াড ও জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণের ঐকান্তিক প্রচেষ্টায় ২৩৫ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে বিভিন্ন থানার পুলিশ আধিকারিকগণ সংশ্লিষ্ট থানা এলাকার প্রকৃত মালিকের হাতে তুলে দেন।হারানো মোবাইল পুনরায় ফিরে পেয়ে মোবাইল মালিকেরা ভীষণ খুশি হন এবং পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
এই পর্যন্ত মুর্শিদাবাদ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, প্রথম দফায় ৭২টি, দ্বিতীয় দফায় ১০৪ টি, তৃতীয় দফায় ১১০ টি, চতুর্থ দফায় ১৫৪টি, পঞ্চম দফায় ২১৫টি, ষষ্ঠ দফায় ২৯৯টি, সপ্তম দফায় ২০৫টি এবং অষ্টম দফায় ২১৮টি এবং নবম দফায় ২৩৫ টি, মোট ১৬১২ টি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয়।কান্দী মহকুমার খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুপ্রিয় রঞ্জন মাঝি সহ একাধিক পুলিশ অফিসার সোমবার খড়গ্রাম, নগর, শেরপুর সহ একাধিক গ্রামের প্রকৃত মালিকদের বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে তথ্য ভিত্তিতে তাদের হাতে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া ১৬ টি মোবাইল ফোন তুলে দেন।খড়গ্রাম থানার ভারপ্রাপ্ত আধিকারিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান গ্রামবাসী থেকে শুরু করে জেলাবাসী প্রত্যেকেই।
পুলিশের কাজ মানুষের সবদিক থেকে খেয়াল রাখা, মোবাইল ফিরিয়ে দেওয়া হয়েছে -মোবাইল গ্রাহকদের খুশিতেই খুশি মুর্শিদাবাদ জেলা পুলিশ।
