সু সংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ আই সি ডি এস প্রকল্পে স্কুলের ছাত্র-ছাত্রীদের নিম্নমানের খাবার। তার উপর বরাদ্দের তুলনায় কম খাবার দেওয়া। স্কুল পড়ুয়াদের এই অভিযোগ দীর্ঘদিনের। অবশেষে দুটি আইসিডিএস কেন্দ্র বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। যথারীতি আইসিডিএস কর্মীদের ঘেরাও করলেন স্কুলের অভিভাবকরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হাওড়ার শ্যামপুর এক নম্বর ব্লকের বেলাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে আটান্নগেট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে আইসিডিএস কর্মীদের উদ্ধার করে। স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার সকালে হাওড়ার শ্যামপুর এক নম্বর ব্লকের বেলাড়ী গ্রাম পঞ্চায়েত এলাকার বেতবেড়িয়া প্রাথমিক শিক্ষা কেন্দ্রের দুটি আইসিডিএস কেন্দ্র পুকুরিয়া ও বেতবেড়িয়ায় বিক্ষোভ ও ঘেরাও হয়।
বেতবেড়িয়া ও পুকুরিয়া গ্রামের গ্রামবাসীরা এই বিক্ষোভ করেন ও আইসিডিএস কর্মীদের ঘেরাও করেন।
তাঁদের অভিযোগ স্কুলের মিড ডে মিলের খাবার অত্যন্ত নিম্নমানের।
খিচুড়িতে শুধু চাল থাকে। ডাল নাম মাত্র থাকে। এর পাশাপাশি যতটা খাবার বরাদ্দ থাকে তার চেয়ে কম খাবার দেওয়া হয় বলে তাঁদের আরো অভিযোগ।
এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন উদ্ধতর্ন কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে আটান্ন গেট পুলিশ ফাঁড়ির আধিকারিকরা পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলে গ্রামবাসীরা আন্দোলন থেকে বিরত হন।


