কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান
বেশ কয়েক দিন কেটে গেলেও মেরামতের কাজ শুরু হলো না বর্ধমানের আই লাভ সেলফি জোনের কাজ এরকমই অভিযোগ তুলছে বিরোধীরা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে সেলফি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নব প্রজন্মের যুবক যুবতীদের মধ্যে। শহরের সৌন্দর্যায়ন বজায় রাখতে অনেক ক্ষেত্রেই সেলফি জোন নির্মাণ করা হচ্ছে। সেই মতো বর্ধমানের প্রত্যেকটি প্রবেশদ্বারে করা হয়েছিল একটি করে সেলফি জোন , যাতে লেখা ছিল আই লাভ বর্ধমান। বর্ধমান ফ্লাইওভারের ওপর যে সেলফি জোনটি নির্মিত হয়েছিল সেটি ভেঙে ফেলার অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এ প্রসঙ্গে বর্ধমান যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার অভিযোগ করেন, যেখানে বর্ধমান পৌর প্রশাসক মন্ডলীর বৈঠকের পর বর্ধমানের শহরের সৌন্দর্যায়নের ওপর জোর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেখানে বর্ধমানের সৌন্দর্যায়নের জন্য নির্মিত আই লাভ বর্ধমান যে দুষ্কৃতীরা ভেঙেছে তারা এখনো পর্যন্ত অধরা কেন রয়েছে।
তিনি আরও দাবি করেন নতুন করে সৌন্দর্যায়নের ব্যবস্থা গ্রহণ করার আগে পুরনো জিনিস গুলির রক্ষনাবেক্ষন করা প্রয়োজন। তাতে বর্ধমানের গৌরব আরও বৃদ্ধি পাবে। যদিও এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার। তিনি জানিয়েছেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যেই, আরও যে সমস্ত সমস্যা রয়েছে তা শীঘ্রই সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

