আধার পরিষেবা চালু করার দাবিতে, উখড়া পোস্ট অফিসে তৃণমূলের বিক্ষোভ



সংবাদদাতা, অন্ডাল : 

আধার পরিষেবা চালু করার দাবিতে উখড়া পোস্ট অফিসে সোমবার বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা । এক সপ্তাহের মধ্যে পরিষেবা চালু করার প্রতিশ্রুতি দিলে উঠে যায় বিক্ষোভ ।


নতুন আধার কার্ড সহ অন্যান্য পরিষেবা চালু করার উদ্দেশ্যে প্রায় বছর দুয়েক আগে আধার যন্ত্র লাগানো হয় উখড়া পোস্ট অফিসে । কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী না থাকায় দীর্ঘদিন সেই মেশিন চালু করা সম্ভব হয়নি । মাস চারেক আগে আধার পরিষেবা চালু করার কথা ঘোষণা করে পোস্ট অফিস কর্তৃপক্ষ । কিন্তু চালু হওয়ার দুদিন পরে-ই ফের পরিষেবা বন্ধ হয়ে যায় । আধার যন্ত্র খারাপ হয়ে যাওয়ার কারণে । বর্তমানে সবক্ষেত্রেই আধার বাধ্যতামূলক । অথচ এখনও অনেকের আধার কার্ড হয়নি, আবার কারো কারো সংশোধনের প্রয়োজন ।


 পোস্ট অফিসে পরিষেবা না পাওয়ায় স্বভাবতই সমস্যায় পড়েছেন স্থানীয়রা । বাইরে বেশি পয়সা খরচ করে আধার কার্ড করাতে বাধ্য হচ্ছেন অনেকে । উখড়া পোস্ট অফিসে দ্রুত আধার পরিষেবা চালু করার দাবিতে সরব হয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব । সোমবার তৃণমূল কর্মী সমর্থকরা পোস্ট অফিসের ভিতরে ধরনায় বসে বিক্ষোভ দেখান । এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল পরিচালিত উখড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা ঘোষ,উপপ্রধান রাজু মুখোপাধ্যায়, মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সুজাতা বসুরায় সহ অন্যরা । বেলা 11 টা নাগাদ বিক্ষোভ শুরু হয় ।



 পোস্টমাস্টারের প্রতিশ্রুতিতে ঘণ্টাখানেক পর উঠে যায় বিক্ষোভ । রাজু মুখোপাধ্যায় জানান উখড়া পোস্ট অফিসে আধার যন্ত্র থাকা সত্ত্বেও পরিষেবা পাচ্ছেন না স্থানীয়রা । পোস্ট অফিস কর্তৃপক্ষ-কে বারবার মৌখিকভাবে বিষয়টি জানানো সত্ত্বেও তারা কোনো উদ্যোগ নেয়নি এতদিন । সেই কারণেই এদিনের বিক্ষোভ বলে জানান তিনি । পোস্টমাস্টার মধুসূদন গড়াই বলেন বিষয়টি নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে । আগামী সোমবারের মধ্যে পরিষেবা চালু হবে বলে জানান তিনি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...