সংবাদদাতা, অন্ডাল :
প্রতিবছরের মতো এবারও উখরায় হবে দোল উৎসব । অনুষ্ঠানটির আয়োজক ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম নামক একটি সংস্থা । উৎসবের প্রস্তুতি নিয়ে সোমবার সন্ধ্যায় সংস্থার তরফে একটি প্রস্তুতি সভা আয়োজিত হয় । ঠিক হয় শুক্রবার সকাল আটটায় স্থানীয় বাজপাই মোড় থেকে শোভাযাত্রার মাধ্যমে দোল উৎসবের সূচনা হবে । স্কুল মোড়, রথতলা হয়ে শোভাযাত্রাটি পৌঁছাবে গোপীনাথ জিউর মন্দিরে । সেখানে হবে কীর্তন, নাচ সহ মূল অনুষ্ঠান । সংস্থার চেয়ারম্যান সুমিত বন্দ্যোপাধ্যায় জানান ধর্ম, বর্ণ নির্বিশেষে সংহতি ও সম্প্রীতি গড়ে তোলা ও রাসায়নিক রং বর্জন করে প্রাকৃতিক রং ব্যবহারের মাধ্যমে উৎসব পালন করার বার্তা ছড়িয়ে দেওয়া আমাদের এই দোল উৎসবের মূল উদ্দেশ্য ।
তিনি জানান গত বছর করোনার কারণে রং এর পরিবর্তে আমরা ফুল ব্যবহার করে দোল উৎসব পালন করেছিলাম । এবার স্বাস্থ্যবিধি শিথিল হওয়ায় বিগত বছরগুলোর মতো বর্ণাঢ্য অনুষ্ঠান হবে বলে জানান তিনি ।

