কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী আবাসানের নতুন ভবনের দ্বারোদঘাটন



আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের পরের দিনই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী  আবাসনের নতুন ভবনের দ্বারোদঘাটন হল। দ্বারোদঘাটন করলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল। এই নতুন ভবনটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের প্রতি উৎসর্গ করা হয়। বেশ কয়েক বছর আগেই এই ছাত্রী আবাসনের মাতঙ্গিনী ভবন হিসেবে নামাঙ্কিত করা হয়। অন্যান্য আবাসনের একইভাবে মহান ব্যক্তিত্বদের নামে নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে আজ প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকায় গড়ে ওঠা ভবনটি ছাত্রীদের জন্য খুলে দেওয়া হলো। এখানে ৫৫ জন ছাত্রী থাকতে পারবে। সব মিলিয়ে মাতঙ্গিনী ভবনে এখন থেকে মোট ২৩০ জন ছাত্রী থাকার সুযোগ পাবে।


রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সহায়তায় রাষ্ট্রীয় উচ্চতর শিক্ষা অভিযান অর্থাৎ রুশা স্কিমের অধীনে মাতঙ্গিনী ভবনের অন্তর্গত নতুন ভবনটি তৈরি হয়। এছাড়া এই স্কিমের অধীনে আরো একটি বিল্ডিং প্রায় তৈরি হয়ে গেছে এবং আরেকটি বড় বিল্ডিং অবিলম্বেই তৈরি হবে সিদ্ধান্ত হয়েছে। এইভাবে বিগত এক বছর ধরে বেশ দ্রুততার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়ন হচ্ছে।  পাশাপাশি পুরনো ভবনগুলির সংস্কারের কাজ শুরু হয়েছে। দারোদঘটনার পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মানসকুমার সান্যাল বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের থাকার জায়গা অপ্রতুল ছিল। সেই জন্য নতুন ভবন তৈরি করা হয়, যাতে দূর-দূরান্ত থেকে আগত ছাত্রীরা আবাসনে থেকে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে। এছাড়াও তিনি বলেন ছাত্র-ছাত্রীদের মোট নয়টি আবাসনেরই  সংস্কার করা হবে। কারোনা অতিমারীর সময়কালে আবাসনগুলি বন্ধ থাকায় ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই প্রসঙ্গে তিনি আবারও সংযোজন করেন এখন থেকে ছাত্রী অবাসনগুলি থেকে বাস সার্ভিস চালু হচ্ছে। ছাত্রীরা তাদের নিজস্ব আবাসন বা হোস্টেল থেকে  বিভাগগুলিতে বাসে করে যেতে পারবে। 
ছাত্র কল্যাণ দপ্তরের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে নতুন ভবনের দ্বারোদ্ঘাটনের অনুষ্ঠান হয়। ছাত্রীদের মধ্যে এই অনুষ্ঠান উপলক্ষে ভীষণ উদ্দীপনা ও উৎসাহ দেখা যায়। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক দেবাংশু রায়, অর্থ আধিকারিক মৃদুল কুন্ডু, পরীক্ষাসমূহের নিয়ামক বিমলেন্দু বিশ্বাস, ছাত্র কল্যাণ দপ্তরের অধ্যক্ষ ড. রানা ঘোষ, অধ্যাপক সুজয়কুমার মন্ডল, ভ. সুশান্ত সরকার ও অন্যান্যরা।


 বিশ্ববিদ্যালয়ের প্রকাশক ও জনসংযোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সুজয়কুমার মন্ডল জানান, দীর্ঘদিন ধরে ছাত্রীদের থাকার জায়গা সংখ্যায় কম ছিল। ফলে অনেককেই কল্যাণী শহরে মেস করে বাড়ি ভাড়া নিয়ে থাকতে হতো। এই নতুন ভবন গড়ে ওঠার ফলে  অনেকটা চাহিদাও পূরণ হবে। তবে ছাত্রীদের জন্য আরও নতুন হোস্টেল তৈরি করার প্রয়োজন রয়েছে। আশা করছি দু-এক বছরের মধ্যেই বর্তমান উপাচার্যের উদ্যোগে তা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...