সংবাদদাতা, অন্ডাল :
শনিবার ছিল মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা । বেলা ১২ টায় শুরু পরীক্ষা । সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য এদিন বাড়ি থেকে বের হয় কাজোরা স্টাফ কলোনির বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী রজত বাউরি ও জয় বাউরি । কাজোরা হাইস্কুলের ছাত্র রজত ও জয় । তাদের সেন্টার পড়েছে বহুলা শশীস্মৃতি হাইস্কুল-এ । এদিন বাড়ি থেকে বের হয়ে কাজোড়া মোড় এ এলে তারা জানতে পারে তাদের নির্দিষ্ট বাস চলে গেছে । বিকল্প কোন উপায় না পেয়ে সমস্যায় পড়ে তারা । এদিকে নির্দিষ্ট সময়ে স্কুলে পৌঁছাতে না পারলে এদিন হয়তো পরীক্ষা দেওয়া হবে না ভেবে তারা তখন দিশাহীন ।
কাজোড়া মোড় এ কর্মরত ট্রাফিক পুলিশদের তারা সমস্যার কথা জানান । তারা খবর দেন অন্ডাল থানার ওসি শান্তনু অধিকারী-কে । শান্তনুবাবু দ্রুত কাজোরা মোড়ে পৌঁছান । নিজের গাড়িতে করে দুই পরীক্ষার্থীকে পৌঁছে দেন নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে । ওসি-র তৎপরতায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষায় বসেন দুই ছাত্র ।

