সংবাদদাতা, অন্ডাল :
উখড়া আদর্শ হিন্দি হাইস্কুলে নতুন শিক্ষাবর্ষে পড়ুয়াদের ভর্তি না নেওয়া নিয়ে দ্বন্দ্ব বেঁধেছিল স্কুলের প্রধান শিক্ষক প্রবীন কুমার সিং ও ম্যানেজিং কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন এর মধ্যে । সুলতান বাবু-র অভিযোগ ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নিচ্ছেন না স্কুলের প্রধান শিক্ষক ।
শিক্ষার অধিকার আইনে ইচ্ছুক সমস্ত পড়ুয়াকে ভর্তি নিতে বাধ্য স্কুল । প্রধান শিক্ষক সেই আইন অমান্য করছেন । তিনি জানান বিষয়টি লিখিত আকারে ৭-ই ফেব্রুয়ারি অভিযোগ জানানো হয় জেলা স্কুল পরিদর্শক আধিকারিক-কে । ৯-ই ফেব্রুয়ারি সংশ্লিষ্ট দপ্তরের দু'জন আধিকারিক স্কুলে আসেন অভিযোগের সত্যতা যাচাই করতে । তারপর ঐ মাসের ২২ তারিখ জেলা স্কুল পরিদর্শক আধিকারিক ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নেওয়ার নির্দেশ দেন প্রধান শিক্ষককে । সেইমতো ২৬ তারিখ ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নেওয়ার কথা ছিল ।
কিন্তু প্রধান শিক্ষক সেই নির্দেশ কার্যকর করছেন না বলে অভিযোগ সুলতান বাবু-র । বুধবার ভর্তি করার জন্য পড়ুয়াদের স্কুলে নিয়ে আসেন অভিভাবকেরা । সাথে আসেন সভাপতি সুলতান সালাউদ্দিন সহ পরিচালন সমিতির অন্যান্য সদস্যরাও । এদিন প্রধান শিক্ষক স্কুলে গরহাজির ছিলেন । স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক দীপক কুমার শর্মা জানান স্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার রয়েছে ।
তার প্রস্তুতি চলছে । মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর ১৬-ই মার্চ ইচ্ছুক পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে । এদিনও ভর্তি না নেওয়াই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও অন্যরা । শিক্ষকদের আটকে স্কুল চত্বরে ধরনায় বসে পড়েন পরিচালন সমিতির সভাপতি সহ অন্য সদস্যরা ।



