কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান
একেকটি সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় হাজারো স্বপ্ন। ভয়াল এক্সিডেন্টের করাল থাবায় ধ্বংস হয়ে যায় অনেক পরিবার। সাময়িক ভুলে যখন অনেক সম্ভাবনাময় জীবন ঝরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, তখন সেই অপূরণীয় ক্ষতি কিন্তু কোন কিছুর বিনিময়েই শোধরানো যায় না। অমূল্য জীবন একবার চলে গেলে আর কিছুই করার সুযোগ থাকে না। তাই সময় থাকতে ট্রাফিক নিয়ম-কানুন মেনে নিরাপদ ড্রাইভিং করার সর্বদা নির্দেশ দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের তরফে।
শুক্রুবার রায়না-২ ব্লকের মিরেপোতা বাজার সংলগ্ন জায়গায় সেহারাবাজার আউট পোস্টের তরফে এবং সেহারাবাজার ট্রাফিক গার্ডের তরফে ট্রাফিক আইন লঙ্ঘনকারী চার চাকা গাড়ি সহ বাইক চালকদের বিরুদ্ধে নেওয়া হল আইনানুগ ব্যবস্থা। উপস্থিত ছিলেন সেহারাবাজার আউট পোস্টের বড়োবাবু রাজেশ মাহাতো, ট্রাফিক ওসি প্রদীপ পাল এবং অন্যান্য পুলিশ কর্মীরা। এদিন বাইক সহ চার চাকা গাড়ি দাঁড় করিয়ে চেক করা হয় ড্রাইভিং লাইসেন্স সহ অন্যান্য অনুসাঙ্গিক কাগজপত্র। অপরদিকে সিট্ বেল্ট ছাড়া গাড়ি চালিয়ে যেই সমস্ত গাড়ি চালক গাড়ি নিয়ে যাচ্ছিলেন তাদেরকেও দাঁড় করিয়ে নেওয়া হয় আইনানুগ ব্যবস্থা। একইভাবে বাইক চালক যারা বিনা হেলমেট বাইক নিয়ে যাতায়াত করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়।

