সংবাদদাতা, অন্ডাল :
বুধবার বিকেলে মাধবপুর খোলামুখ খনির সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ । গতকাল সন্ধ্যা থেকে যুবকটি নিখোঁজ ছিল । মৃত যুবকের নাম রবীন যাদব । ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ।
অন্ডাল থানার রিয়েল কাজোড়ার বাসিন্দা রবীন যাদব (২২) নামে এক যুবক মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন । বুধবার সকালে পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় নিখোঁজের খবর জানানো হয় ।
তড়িঘড়ি যুবকের সন্ধানে নামে পুলিশ । বেলা বারোটা নাগাদ মাধবপুর খোলামুখ খনি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় নিখোঁজ যুবকের পরিতক্ত বাইকটি । ওই এলাকা থেকেই বিকেল সাড়ে চারটে নাগাদ যুবকের মৃতদেহ উদ্ধার হয় । মৃত যুবকের মা চম্পা দেবী জানান ছেলের একাধিক ঘনিষ্ঠ বন্ধু ছিল । তাদের মধ্যে এক বন্ধু কিছুদিন আগে রবিনকে হুমকি দেয় বলে অভিযোগ করেন তিনি । মঙ্গলবার বিকেলে থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি রবিন । গতকাল সন্ধ্যা সাতটার পর তার সঙ্গে থাকা মোবাইল ফোনটি সুইচ অফ হয়ে যায় ।
আজ সকালে পরিবারের পক্ষ থেকে অন্ডাল থানায় ঘটনাটি জানানো হয় । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে । মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান অন্ডাল থানার এক আধিকারিক ।


