সংবাদদাতা, অন্ডাল :
পূর্বঘোষণা মত সোমবার চালু হলো পাড়ায় শিক্ষালয় । কেমন ভাবে পঠন-পাঠন হবে এই কর্মসূচিতে তা নিয়ে ধোঁয়াশায় ছিলেন শিক্ষকদের একাংশ । তবে প্রথম দিন ভালোভাবে উতরে যাওয়ায় খুশি তারা । এদিন অন্ডাল, পাণ্ডবেশ্বর, লাউদোহা ব্লকের বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেল এক অন্য ছবি । এতদিন বিদ্যালয় মানে ছিল চার দেওয়ালের মধ্যে পড়াশুনোর রেওয়াজ । এদিন ব্ল্যাকবোর্ড টাঙ্গিয়ে প্রথম ক্লাস হল খোলা জায়গায়, মুক্ত পরিবেশে । বিভিন্ন স্কুলে প্রথম দিন চন্দনের টিপ,ফুল ও উপহার দিয়ে বরণ করা হয় পড়ুয়াদের । উখড়া 2 নম্বর ব্রজভূষণ প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী আরোহী পাল এদিনই প্রথম বিদ্যালয়ে আসে । পাশেই বসেছিলেন তার মা লিজা পাল । বলেন প্রথম দিন তাই মেয়ের সাথে এসেছি । বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা মিত্র জানান তারা পড়ুয়াদের ক্লাস করাচ্ছেন স্থানীয় মহন্তস্থল মন্দিরের চাতাল ও পাশের একটি খামারে ।
উখড়া কে বি হাই স্কুলের পড়ুয়াদের ক্লাস করানো হয় স্কুল চত্বরে বিদ্যালয়ের স্থায়ী মুক্তমঞ্চে । পাণ্ডবেশ্বর চক্রের নবগ্রাম অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার দা জানান তারা ক্লাস করানোর জন্য বেছে নিয়েছেন স্থানীয় ব্রাহ্মণপাড়ায় এক ব্যক্তির খামারবাড়ি । পাণ্ডবেশ্বর চক্রের এসআই সজল কুমার মন্ডল জানান সরকারি গাইডলাইন ও স্বাস্থ্যবিধি মেনে এদিন খোলা জায়গায় ক্লাস করানো হয়েছে পড়ুয়াদের । অন্ডাল চক্রের এসআই সুনীত রায় জানান রাজ্য সরকারের নির্দেশিকায় বলা হয়েছে খোলা জায়গায় পড়ুয়াদের ক্লাস করানোর জন্য । সেইমতো আমরা ক্লাস করানোর জন্য বেছে নিয়েছি বিদ্যালয়ের খোলা জায়গা অথবা বিদ্যালয় এর কাছাকাছি খোলামেলা পরিবেশ ।

