বাগনান, হাওড়া-*
দীর্ঘ প্রায় দু'বছর পর রাজ্যের প্রাথমিক স্কুল থেকে শুরু করে সমস্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় চালু হওয়ার রাজ্য সরকারের ঘোষণার এই সিদ্ধান্তকে 'লাগাতার আন্দোলনের জয়' বলে ঘোষণা করে জনগণকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজ বাগনানে পথসভা ও মিছিলের আয়োজন করল অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির হাওড়া জেলা শাখা।
বাগনান রেলস্টেশন চত্বরের সভায় বক্তব্য রাখেন কমিটির সম্পাদক শিক্ষক চণ্ডীচরণ মাইতি ও শিক্ষক জয়ন্ত খাটুয়া এবং বাগনান বাসস্ট্যান্ডের পথসভায় বক্তব্য রাখেন শিক্ষক শ্রীমন্ত ধাড়া। শিক্ষক চণ্ডীচরণবাবু তাঁর বক্তব্যে বলেন যে, "রাজ্য সরকার ১৬ ই ফেব্রুয়ারি থেকে যে প্রাথমিক স্কুল থেকেই স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিয়েছে তা সারারাজ্যব্যাপী ক্রমাগত ছাত্র-শিক্ষক-অভিভাবকদের লাগাতার আন্দোলনের জয়।
এই আন্দোলনের চাপে পড়েই সরকার বাধ্য হয়েছে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত নিতে।"
পাশাপাশি, জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবি জানিয়ে এই সভায় বক্তব্য রাখতে গিয়ে শিক্ষক জয়ন্ত খাটুয়া বলেন,"কেন্দ্রীয় সরকারের এই নীতির দ্বারা সরকার শিক্ষার সমস্ত দায়ভার ঝেড়ে ফেলে শিক্ষাকে বেসরকারী মালিকের হাতে তুলে দিতে চাইছে।
তারই পথ অনুসরণ করেই রাজ্য সরকার যে 'পাড়ায় শিক্ষালয়' প্রকল্প নিয়েছিল তারও বিরোধীতা করেছেন রাজ্যের সংগ্রামী জনগণ।"এই সভা থেকে আগামী দিনে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের শিক্ষার ওপর আনা আক্রমণ ও জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিলের দাবিতে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সংগঠনের জেলা কমিটি।
*_________________*






