কল্যাণ দত্ত :পূর্ব বর্ধমান:
এবারে দুয়ারে সরকার প্রকল্পের শিবির থেকে সরকারের তরফে বহু পরিষেবা দেওয়া হচ্ছে। পরিষেবাগুলি হল স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভাণ্ডার, ১০০ দিনের কাজ, কন্যাশ্রী, রূপশ্রীর মতো একাধিক প্রকল্প রয়েছে। এছাড়াও অনেক পরিষেবা রয়েছে যা দুয়ারে সরকারের মাধ্যমে সুযোগ সুবিধা পাওয়া যাবে। সেই সব নতুন পরিষেবার মধ্যে রয়েছে মৎস দফতরের মৎসজীবী ক্রেডিট কার্ড, এমএসএমই দফতরের আর্টিসান ক্রেডিট কার্ড, তাঁতশিল্পীদের জন্য ক্রেডিট কার্ড, প্রাণী বিকাশ দফতরের জন্য ক্রেডিট কার্ড।
গত বিধানসভা ভোটের আগে থেকে রাজ্য সরকারের উদ্যোগে দুয়ারে সরকার প্রকল্প চালু হয়ে যায়। গত বিধানসভা ভোটের আগে এই প্রকল্পের সুফল মানুষ পেয়েছে। বিধানসভা ভোটে বিপুল জয়লাভ করে ক্ষমতায় ফেরার পরও দুয়ারে সরকার প্রকল্প চালু রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই কয়েক মাস অন্তর এই প্রকল্প হবে বলে ঘোষণা করেছিলেন তিনি। তবে কয়েক মাস আগে করোনা সংক্রমণের হার কিছুটা বেড়ে যাওয়ায় এই প্রকল্পের কাজ বন্ধ রাখতে হয়েছিল। তবে এবারে ফের চালু হয়েছে ‘দুয়ারে সরকার’।
প্রসঙ্গত, গত বছরের শেষের দিক থেকে ফের বাড়ছিল করোনা সংক্রমণ। দাপট দেখাচ্ছিল ওমিক্রন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি হয়। তাই পিছিয়ে দিতে হয় দুয়ারে সরকার প্রকল্পও। ইতিমধ্যেই ২ দফায় ‘দুয়ারে সরকার’ শিবিরে কাজ শুরু হয়ে গিয়েছে। প্রচুর মানুষ দুয়ারে সরকার প্রকল্পের দ্বারা উপকার পেয়েছেন। তাই এই প্রকল্প ফের চালু করতে তৎপর রাজ্য সরকার।
রবিবার অর্থাৎ ২০শে ফেব্রুয়ারী দুয়ারে সরকার প্রকল্পের শিবির অনুষ্ঠিত হল খণ্ডঘোষ ব্লকের,বেড়ুগ্রাম অঞ্চলের বোঁয়াই চন্ডি উচ্চ বিদ্যালয়ে । এদিন দুয়ারে সরকার শিবির পরিদর্শনে আসেন, জেলা পরিষদ সদস্য তথা খণ্ডঘোষ ব্লক সভাপতি মোহাম্মদ অপার্থিব ইসলাম, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি, বেরুগ্রাম অঞ্চল সভাপতি সেখ নুরুজ্জামান। শিবির শুরু থেকে শেষ পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্পের সমস্ত দিক খতিয়ে দেখেন খণ্ডঘোষ ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়। দুয়ারে সরকার প্রকল্পের শিবিরে আগত প্রতিটা মানুষজন ঠিকঠাক পরিষেবা পাচ্ছে কি না সেই দিকে লক্ষ্য রাখেন উপস্থিত পঞ্চায়েত সদস্য-সদস্যারা।
ব্লক সভাপতি অপার্থিব ইসলাম জানান, "আমরা আজকে খণ্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম অঞ্চলের বোয়াইচণডী হাই স্কুল মাঠের দুয়ারে সরকার প্রকল্পের শিবির অনুষ্ঠিত হচ্ছে সেটি পরিদর্শন করলাম। আমাদের সবার প্রিয় নেত্রী তথা আমাদের অবিভাবিকা মমতা ব্যানার্জির নির্দেশে মানুষের জন্য এই পরিষেবা ধারাবাহিকভাবে চলবে, সাধারণ মানুষ আর এই অফিস অফিস করবে না, আমাদের, আপনাদের এবং সকলের এই সরকার মানুষের কাছে এসে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দিচ্ছে আগামীতেও দেবে"।

