সংবাদদাতা, অন্ডাল :
রবিবার অন্ডাল রেল কলোনিতে আয়োজিত হল একদিনের ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ শিবির । পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও এপিজে আবদুল কালাম বিজ্ঞান কেন্দ্রের যৌথ উদ্যোগে শিবির-টি হয় । শেখানো হয় ফুল, ফল ও শাক, সবজি দিয়ে ভেষজ আবির তৈরি করার পদ্ধতি । পলাশ ফুল, পালংশাক, বিট, গাঁদা, গোলাপ ফুল সহ অন্যান্য উপকরণ দিয়ে ভেষজ আবির তৈরি করে হাতে কলমে দেখানো হয় শিবিরে । আয়োজকদের পক্ষে জানানো হয় দোল বা হোলি খেলার জন্য আমরা সাধারণত বাজার থেকে যেসব আবির বা রং সংগ্রহ করি তা কেমিক্যালযুক্ত । ত্বক ও চোখের পক্ষে যা বিপদজনক । এসব রং ব্যবহারের ফলে দোল বা হোলির আনন্দ অনেকের জীবনে বিপদ ডেকে আনতে পারে । তাই এই কেমিক্যালযুক্ত রং এর পরিবর্তে ভেষজ রং ব্যবহার করা উচিত । বাড়িতে বসে নিজেও সেই রং তৈরি করা যায় । সেটা শেখাতেই আজকের শিবির বলে জানান তারা ।
