সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
৬০ নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বর এর খোট্টাডিহি মোড়ে একই দিনে দুটি দুর্ঘটনা ঘটায় রাস্তা অবরোধ করে একাধিক গাড়িতে ভাঙচুর চালানো উত্তেজিত জনতা । পুলিশ এসে অবরোধকারীদের হাটিয়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল ।
শনিবার খোট্টাডিহি মোড়ে সকাল ও দুপুরে দুটি দুর্ঘটনা ঘটে । বাইক পড়ে আহত হন এক মহিলাসহ দুজন । স্থানীয়রা জানান এদিন সকাল সাড়ে আটটা নাগাদ বীরভূম থেকে বাইকে করে আসানসোলের চাঁদা যাচ্ছিলেন এক দম্পতি । খোট্টাডিহি মোড়ের কাছে উল্টো দিক থেকে আশা ইসিএলের কয়লা বোঝাই ডাম্পার কে রাস্তা দিতে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায় বাইকটি । আহত হন বাইকে থাকা সুন্দরী বাউড়ি নামে এক মহিলা । দুর্ঘটনার পরে স্থানীয়রা ইসিএলের পরিবহন আটকে বিক্ষোভ দেখায় । পুলিশের মধ্যস্থতায় তখনকার মতো বিক্ষোভ উঠে যায় । কিন্তু বেলা দুটো নাগাদ ওই একই জায়গায় ফের ঘটে দুর্ঘটনা । বাইক নিয়ে যাচ্ছিলেন স্থানীয় যুবক সোমনাথ ঘোষ । খানাখন্দ রাস্তার জন্য উল্টে যায় বাইকটি । সে সময় উল্টোদিক থেকে আসছিল ইসিএলের কয়লা বোঝাই একটি ডাম্পার । অল্পের জন্য রক্ষা পান সোমনাথ বাবু । এরপর-ই ক্ষোভ চরমে ওঠে স্থানীয়দের । রাস্তা অবরোধ করে শুরু হয় বিক্ষোভ । ইসিএলের প্রায় ১০- টি ডাম্পারে ভাঙচুর চালায় অবরোধকারীরা । স্থানীয়দের অভিযোগ এই একই জায়গায় সাম্প্রতিককালে একাধিক দুর্ঘটনা ঘটেছে । চলতি মাসের ২৩- তারিখ বীরভূম থেকে বিয়ে বাড়ি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে একটি চার চাকার গাড়ি । দুর্ঘটনায় মারা যান গাড়িতে থাকা একই পরিবারের চারজন সদস্য । স্থানীয়দের অভিযোগ এই সড়ক দিয়ে চলে ইসিএলের কয়লা পরিবহন ।
বেপরোয়াভাবে চলে ডাম্পার গুলি । কয়লা বোঝাই ডাম্পার যাতায়াতের ফলে ক্ষতি হচ্ছে রাস্তার । সেই কারণে খানাখন্দ রাস্তায় বারবার ঘটছে দুর্ঘটনা বলে অভিযোগ করেন তারা । অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার বিশাল পুলিশবাহিনী । অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে ও বচসা জড়ান অবরোধকারীরা । ঘটনাস্থলে তৈরি হয় চরম উত্তেজনা । দীর্ঘক্ষণ পর পুলিশের মধ্যস্থতায় ওঠে বিক্ষোভ । এরপরে-ই স্বাভাবিক হয় জাতীয় সড়ক দিয়ে যান চলাচল ।

