কল্যাণ দত্ত : পূর্ব বর্ধমান
রামকৃষ্ণদেব, মা সারদা ও স্বামীজীর অনুরাগী দেবীপুরের বিশিষ্ট ব্যবসায়ী রাজেশ্বর দাসকে সমাজসেবীর পাশাপাশি একজন পশুপ্রেমী হিসেবে এলাকার মানুষ নতুন পরিচয় খুঁজে পেল। তিনি তার বাড়িতে দুটি কুকুর পোষ্য থাকলেও পথকুকুরদের নিয়মিত খাবার খাওয়ান। তারমধ্যে তাঁরই দেওয়া নাম লায়ন নামে একটি কুকুরকে হঠাৎ করে না পেয়ে দুদিন ধরে হন্যে হয়ে খুঁজে বেড়ান। তারপর একদিন খবর পান একটি অন্ধকার পরিত্যক্ত ঘরের মধ্যে তার আর্তনাদের কথা। তিনি ভোরবেলায় সেখানে পৌঁছে দেখেন মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে। তাকে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে নিয়মিত চিকিৎসক দ্বারা সুচিকিৎসার মাধ্যমে সারিয়ে তুলছেন। প্রসঙ্গক্রমে জানা যায় যেদিন থেকে কুকুরটিকে খুঁজে পাচ্ছিলেন না সেদিন ওই এলাকার রাস্তায় রক্তের দাগ পড়েছিল। কোন ভারী যানবাহনের চাকায় একটি পা পিষ্ট হয়ে যায়। ফলে প্রচুর রক্তপাত ঘটে ।
শেষে অন্ধকার লোক চক্ষুর আড়ালে থাকা ঘরে আশ্রয় নিয়ে নিস্তেজ হয়ে পড়ে। সেখান থেকে তুলে নিয়ে এসে নিজের বাড়িতে রেখে তিনি চিকিৎসা করছেন। তিনি সাধারণ মানুষের কাছে বার্তা দেন স্বামীজীর ভাষায় 'শিব জ্ঞানে জীব প্রেম'। যারা পথকুকুর সহ অবলা জীব জন্তুদের উপর অত্যাচার করেন তারা বিরত থাকুন এ কাজ থেকে। তাদেরও বাঁচার অধিকার আছে। তারাও মানুষের ন্যায় এক প্রকার জীব, তাদের ভালবাসতে শিখুন, তারাও আপনাদের ভালোবাসা দেবে।

