সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিন জনের । রবিবার ভোরে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বরের খোট্টারডিহি এলাকায় ।
স্থানীয় সূত্রে খবর রবিবার ভোর রাতে 60 নম্বর জাতীয় সড়কের পাণ্ডবেশ্বরের খোট্টাডিহি সংলগ্ন ভাটা মোড়ে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা । দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়িতে থাকা মৃদুলা দাস, সিদ্ধার্থ রায় সহ তিন জনের । জখম একাধিক বলে স্থানীয়রা জানান । যাত্রী বোঝাই গাড়িটি সামনে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার কে পেছন থেকে ধাক্কা মারে ।
জানা গেছে আহত ও নিহত সকলের বাড়ি পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুর এলাকায় । বিয়ে বাড়ির অনুষ্ঠান সেরে বীরভূমের সিউড়ি থেকে চারচাকা গাড়ি করে তারা বাড়ি ফিরছিলেন । খোট্টাডিহির ভাটা মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ । উদ্ধার করে আহতদের নিয়ে যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে । সেখানেই তিন জন যাত্রী কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে আনা হয় থানায় । অতিরিক্ত কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে অনুমান স্থানীয়দের ।

