সুজিত নস্কর_
হাওড়া জেলার ডোমজুড় ব্লকের প্রসিদ্ধ ফুটবল টুর্নামেন্টগুলির মধ্যে অন্যতম হলো ডোমজুড় গোল্ড কাপ। এই প্রতিযোগিতার এবারের আয়োজক ডি ওয়াই এম এ (ডোমজুড় ইয়ং মেন এ্যসোসিয়েশন) ।
প্রাচ্য ভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে দুই প্রতিদ্বন্দ্বী দল ছিল কলকাতার এ.এস.ও.এস. রেনবো এ্যাথলেটিক ক্লাব ও হাওড়া জেলার বড়গাছিয়ার শান্তি সংঘ।
তুল্যমূল্য বিচারে কলকাতার রেনবো দলটি ধারে ও ভারে বড়গাছিয়ার থেকে এগিয়ে ছিল। তারই ফলস্বরূপ খেলার ২২মিনিটের মাথায় রেনবো দলের মনোরঞ্জন সিংহ একটি চমৎকার গোল করে দলকে এগিয়ে দেয়। প্রথম অর্ধে এক গোলে পিছিয়ে থাকা শান্তি সংঘ দুই নাইজেরিয়ান খেলোয়াড় খেলিয়েও সুবিধা করতে পারেনি। বরং খেলার দ্বিতীয় অর্ধে রেনবোর ক্যাপ্টেন লালনাম জামা একটি অনবদ্য গোল উপহার দেয় দলের জন্য।
ফলাফল দাঁড়ায় রেনবোর পক্ষে ২-০। রেনবোর গোলসংখ্যা আরো বাড়তে পারতো, কিন্তু গোল পোস্ট দু দুবার বাঁধা হয়ে দাঁড়ানোয় আর গোল বাড়েনি। খেলার শেষ মুহূর্তে রেনবোর কৌস্তুভ সাইকিয়া অহেতুক পিছন থেকে ফাউল করে লালকার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যায়। যদিও তাতে ফলাফলের কোনো হেরফের হয়নি। রেনবো ক্লাব টি ২-০ ব্যবধানে বড়গাছিয়া শান্তি সংঘকে পরাজিত করে পরবর্তী পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে নেয়। খেলার ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন রেনবোর ক্যাপ্টেন লালনাম জামা। তাঁর অনবদ্য ক্রীড়া শৈলী সমস্ত দর্শক ও নির্বাচকদের নজর কাড়ে। একান্ত সাক্ষাৎকারে লালনাম জানান, এই প্রতিযোগিতায় ভালো খেলা দেখানোর পাশাপাশি তাঁর দল রেনবো ক্লাব কে চ্যাম্পিয়ন করানোই তাঁর একমাত্র লক্ষ্য।



