করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ লকডাউনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে রান্না করা খাবার দেওয়া বন্ধ ছিল । স্বভাবতই আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের মা ও শিশুদের অপুষ্টি বাড়ছে যা ইতিপূর্বে সংবাদ প্রকাশিত হয়েছে। গত প্রায় দু'বছর যাবৎ সারা দেশের মতোই আমাদের রাজ্যে ৬০ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রায় ৪০ লক্ষ উপভোক্তার পরিপূরক পুষ্টি জন্য রান্না করা গরম খাবার পরিবেশন বন্ধ হয়ে আছে।
রান্না করা খাবারের পরিবর্তে টি এইচ আর (টেক হোম রেশন) দেওয়া হলেও তা রান্না করা খাওয়ার এর পরিপূরক নয় । এইভাবে চলতে থাকলে অপুষ্টিজনিত কারণে বিরাট বিপর্যয় নেমে আসবে । তাই আর বিলম্ব না করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সাথেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি চালু করে রান্না করা খাবার পরিবেশন করার প্রক্রিয়া চালু করার দাবিতে ১৯ থেকে ২৪শে ডিসেম্বর- ২০২১ জেলায় জেলায় বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ডেপুটেশনের কর্মসূচি নেওয়া হয়েছে।
এই কর্মসূচিকে সফল করতে- ২৩শে ডিসেম্বর অঙ্গনওয়াড়ি কর্মীদের উদ্যোগে উলুবেড়িয়া১ সিডিপিও অফিসে ডেপুটেশন হয়। এই কর্মসূচি পর অঙ্গনওয়াড়ি কর্মীরা সুসজ্জিত বিক্ষোভ মিছিল করে উলুবেড়িয়া এসডিও অফিসে পৌঁছায়। মহাকুমা অফিসের কাছে বিক্ষোভ সভা হয় । এই সভা থেকে হাওড়া জেলা "অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার্স ইউনিয়নের" সংগঠক সরস্বতী ভৌমিক নেতৃত্বে এক প্রতিনিধি দল মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেয়। এই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন মিতা সাউ, শুক্লা ঘোষ ও রাজ্য ইউনিয়নের সংগঠক লিলা সী ।এছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠন এ আই টি ইউ সি হাওড়া জেলা সংগঠক নিখিল বেরা।
বক্তারা বলেন অবিলম্বে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলি চালু করে মা ও শিশুদের উন্নত গরম পুষ্টিকর খাবার পরিবেশনের ব্যবস্থা না করলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুশিয়ারি দেন।




