সাহিত্যিক ফিরোজ উদ্দীন সাহেবের প্রয়াণে শোকসভা পালন,




 সাহিত্যিক ফিরোজ উদ্দীন সাহেবের প্রয়াণে শোকসভা পালন, সদ্য প্রয়াত হাওড়া তথা উভয় বাংলার সাহিত্য জগতের উজ্জ্বল নক্ষত্র সাহিত্যিক শেখ ফিরোজ উদ্দীন আহমদ সাহেবের স্মরনে অনাড়ম্বর একটি প্রার্থণা ও স্মরণসভার আয়োজন করে হাওড়া হাটুড়িয়া ইউনাইটেড সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন বা উস্ওয়া । 



কবি গতকাল মঙ্গলবার ভোরে তাঁর হাওড়া জেলার বাঁকড়ার বাসভবন 'সাহিত্যবিতান'এ  শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যু কালে বয়স হয়েছিল ৮১ বছর । সাংবাদিকতা, বেতারভাষ্য, সম্পাদনা, ছড়া কবিতা, লিটিল ম্যাগাজিনে জোয়ার আনেন এই 'পল্লীপ্রেমিক শিল্পী' সাতের দশক থেকেই, যা পরিণতি পায় নয়ের দশকে । তাঁর সম্পাদিত সাহিত্যের সকাল, প্রতিধ্বনি, বনমহুয়া ইত্যাদি পত্রিকা সাহিত্যিক ও পাঠক মহলে সাড়া ফেলেছিল । তিনি "সারস্বত", "সাহিত্য ভারতী", "গৌরব", "নতুন গতি", "সৌহার্দ্য", "সংহতি", "বুলবুল", "রেঁনেসা", "শব্দের ঝংকার", "গ্রামীণ সাহিত্য সম্মেলন "প্রভৃতি নানা পুরস্কার সম্মাননা ও স্বীকৃতির অধিকারী । "পৌষালী ধান" "রূপসালী ধান", "ধানের শীষে পাখির শিসে", "মাটির কাছাকাছি", "মরুর কুসুম", "ছড়ায় মোড়া দেশ", "নবীজীবন", ছবি ও কবিতায় "হজ্জ গাইড "ইত্যাদি তাঁর অনবদ্য সৃষ্টি । তিনি সামাজিক নানা কাজেও সক্রিয় থাকতেন ।


 হাওড়া হাটুড়িয়া ইউনাইটেড সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশন বা উস্ওয়া-র গোড়াপত্তনে তাঁর পরামর্শ ও দোয়া কার্যকরী ভূমিকা নেয় । তিনি উস্ওয়া-র গোড়াপত্তনকে "এনজিও জগতে" "নবোদয়'' রূপে আখ্যায়িত করেন বলে জানান সংস্থার জয়েন্ট সেক্রেটারি সেখ কামারুল ইসলাম । সংস্থার কোষাধ্যক্ষ আসিফ ইকবাল নিয়মিত যোগাযোগ রাখতেন ফিরোজ উদ্দীন সাহেবের সাথে । তিনি বলেন, "উস্ওয়া এই মানব দরদী কবির কাছ থেকে নানান সুপরামর্শ ও পথদিশা পেয়েছে । তাঁর উপদেশ আমাদের পাথেয় হয়ে আছে" । উস্ওয়া-র প্রেসিডেন্ট ও সেক্রেটারি সাহেবও সাহিত্যিকের প্রয়াণে শোকবার্তা পাঠান । উস্ওয়া-র এই দোয়ার মসলিসে উপস্থিত ছিলেন কবি সেখ মইদুল আলি, প্রশিক্ষক নাঈম খান ও জনাব খালিদ হাসান সাহেব সহ সংস্থার ছাত্র ছাত্রীরা । 



অনুষ্ঠানে তাঁর জীবনীর নানা বর্ণময় অংশ তুলে ধরেন  সেখ নাঈম । সবশেষে তাঁর আত্মার মাগফেরাতের জন্য খালিদ হাসানছর  দোয়া ও কচি-কাঁচাদের প্রিয় সাহিত্যিকের প্রয়াণে স্বজন হারানো বিকলিত কন্ঠে আমিন-আমিন ধ্বনিতে সকাল দশটায় শেষ হয় আজকের এই বিদায় অনুষ্ঠানটি ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...