সংবাদদাতা, পাণ্ডবেশ্বর :
তামার তার সহ সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করল পুলিশ । বুধবার সকালে নাকা চেকিংয়ের সময় ওই দুই ব্যক্তিকে পুলিশ আটক করে ।
বুধবার সকালে বীরভূম- বধর্মান সীমান্তবর্তী অজয় সেতুর উপর নাকা চেকিং চলার সময় সঞ্জয় সিং ও মেহবুব মন্ডল নামে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । আটক দু'জনের বাড়ি পাণ্ডবেশ্বর থানার হরিপুর এলাকায় । বাইকে করে ওই দুই ব্যক্তি হরিপুর থেকে বীরভূমের দিকে যাচ্ছিলেন । সন্দেহ হওয়ায় পুলিশ তাদের বাইকটি আটকে তল্লাশি চালায় ।
বাইকে রাখা থলি থেকে উদ্ধার হয় প্রচুর তামার তার । আটক ব্যক্তিরা তামার তারের বৈধ কোন কাগজ দেখাতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর । পাচারের উদ্দেশ্যে তামার তার গুলি তারা নিয়ে যাচ্ছিলেন বলে সন্দেহ । আটক ব্যক্তিদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে বলে থানার এক আধিকারিক জানান ।

