সংবাদদাতা, অন্ডাল :
ন্যাশনাল কোলফিল্ড সিটিজেন ফোরাম সংস্থার উদ্যোগে জানুয়ারি মাসের 5 ও 6 তারিখ বাকোলা গুলমোহর ক্লাবে আয়োজিত হবে আন্তর্জাতিক কবিতা উৎসব । সোমবার সন্ধ্যায় কবিতা উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় । সভায় উপস্থিত ছিলেন সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায়, স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্যরা । উল্লেখ্য ২০২০ সালে প্রথম আন্তর্জাতিক কবিতা উৎসব আয়োজিত হয় । সেবার বাংলা সাহিত্য জগতের নক্ষত্ররা ছাড়াও উপস্থিত ছিলেন দেশ ও বিদেশের একাধিক কবি ও সাহিত্যিক ।
কোভিড ও লকডাউনের কারণে গত বছর অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছিল । এবার বিধি-নিষেধ শিথিল হাওয়াই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় । দু'দিনের অনুষ্ঠানে কবিতা পাঠ, সাহিত্য নিয়ে আলোচনা, সেমিনার যেমন থাকবে তেমনি আদিবাসী নৃত্য, ছৌ-নাচ, চিত্র প্রদর্শনীর ও আয়োজন থাকছে । স্বল্প সময়ে পাসপোর্ট ও ভিসা পেতে অসুবিধার কারণে উৎসবে বিদেশি কবি-সাহিত্যিকরা সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তারা ভার্চুয়াল অনুষ্ঠানে অংশ নেবেন ।
উৎসবের দু'দিন উপস্থিত থাকবেন কবি সুবোধ সরকার, শ্রীজাত, বিনায়ক বন্দ্যোপাধ্যায় সহ বাংলা সাহিত্য জগতের একাধিক নক্ষত্র । ৫ তারিখ অনুষ্ঠানটির উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলে জানান সংস্থার পক্ষে সুমিত বন্দ্যোপাধ্যায় ।


