সংবাদদাতা, লাউদোহা :
বেআইনি পোস্ত চাষের প্রবণতা রুখতে সচেতনতা প্রচার চালানো হলো দুর্গাপুর-ফরিদপুর ( লাউদোহা ) থানার পুলিশের পক্ষ থেকে । সোমবার এই কর্মসূচি হয় ব্লকের গোগলা, মাধাইপুর, গৌরবাজার সহ কয়েকটি এলাকায় । প্রচার অভিযানে উপস্থিত ছিলেন এসিপি তহীদ আনোয়ার, লাউদোহা থানার আধিকারিক পলাশ মন্ডল সহ অন্যান্য আধিকারিক ও পুলিশ কর্মীরা । উল্লেখ্য লাউদোহা ব্লকের অজয়, টুমনি ও কুনুর নদী সংলগ্ন বিভিন্ন চর, মানা এলাকায় পোস্ত চাষের প্রবণতা দেখা যায় প্রতিবছর ।
বেআইনি পোস্ত চাষের খবর পেলে অভিযান চালানোও হয় প্রশাসনের পক্ষ থেকে । নষ্ট করা হয় পোস্ত গাছ । প্রশাসনের কড়া নজরদারি ও সচেতন ও তার ফলে এইসব এলাকাগুলিতে পোস্ত চাষের প্রবণতা কমেছে বলে দাবি স্থানীয়দের । শীতের মৌরসুমে পোস্ত চাষ শুরু হয় । তাই এবার আগেভাগেই সচেতনতা প্রচারে নেমেছে প্রশাসন । পোস্ত চাষ বেআইনি, দন্ডনীয় অপরাধ এই ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতেই এদিনের অভিযান বলে জানান লাউদোহা থানার ওসি পলাশ বাবু ।

