সংবাদদাতা, অন্ডাল :
সোমবার 2 নম্বর জাতীয় সড়কের অন্ডাল মোড় বাসস্ট্যান্ডে উদ্বোধন করা হলো একটি সুলভ শৌচালয়ের । ফিতে কেটে শৌচালয়টির উদ্বোধন করা হয় । উপস্থিত ছিলেন অন্ডালের বিডিও সুদীপ্ত বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী টুডু, সহ-সভাপতি কৌশিক মন্ডল, জেলা পরিষদের কর্মধ্যক্ষ কালোবরন মন্ডল সহ অন্যরা । উল্লেখ্য দু'বছর আগে পঞ্চায়েত সমিতির উদ্যোগে এই শৌচালয়টি তৈরি হয় বাস যাত্রীদের সুবিধার্থে । তবে পানীয় জলের বন্দোবস্ত না থাকায় এতদিন শৌচালয়-টি তালা বন্ধ অবস্থায় ছিল । সম্প্রতি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহযোগিতায় সেখানে পানীয় জলের কলের সংযোগ দেওয়া হয় । শৌচালয় টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় একটি বেসরকারি সংস্থাকে । যেকোন বাস যাত্রী সুলভ মূল্যে শৌচালয় টি ব্যবহার করতে পারবেন বলে জানান বিডিও সুদীপ্ত বিশ্বাস ।
জেলা পরিষদের কর্মধ্যক্ষ কালোবরন মন্ডল বাবু জানান জাতীয় সড়কের কারণে অন্ডাল বাসস্ট্যান্ড-টি যাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ । প্রতিদিন অসংখ্য যাত্রী এই বাস স্ট্যান্ডটি ব্যবহার করেন । শৌচালয় না থাকায় অসুবিধায় পড়তে হতো সকলকে । বিশেষ করে মহিলা যাত্রীদের । সুলভ শৌচালয় টি চালু হওয়ায় এখন থেকে সকলের সুবিধা হবে বলে জানান কালোবরন বাবু ।

