সাকিব হাসান,দঃ ২৪ পরগনা
গতকাল দুপুর একটার দিকে সুন্দরবনে কাঁকড়া ধরবার ফাঁদ পাতার সময় বৈকারী নদী সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণে নিহত মজিবর গাজীর লাশ উদ্ধার করতে একটা উদ্ধারকারী দল আজ সকালে সুন্দরবনে যায়।
উদ্ধার অভিযানে গনি টাইগার যথারীতি অংশ গ্রহণ করে। গভীর জঙ্গলে শ্বাসরুদ্ধকর অভিযানের পর আধখাওয়া লাশটা পাওয়া যায়। তারপর লাশটি বেঁধে ঘারে করে উদ্ধারকারী নৌকায় নিয়ে আসে গনি টাইগার। তার কাছে থেকে এই শ্বাসরুদ্ধকর ঘটনার বর্ণনা শুনে আপনাদের জন্য শেয়ার করছি - সকাল দশটার দিকে গনিসহ উদ্ধারকারী দলটি সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেয়।
বৈকারী নদীর কাছে ঘটনা স্থলে পৌছালে রক্তের দাগ দেখে দেখে গভীর জঙ্গলে প্রবেশ করে উদ্ধারকারী দলটি। বাঘের পায়ের ছাপ ও রক্তের দাগ একই দিকে চলে গেছে। এতো গুলো মানুষের উপস্থিতি বনের নিস্তব্ধতা ভেঙ্গে খান খান করে দেয়। ওদের লাশের খোঁজে এগিয়ে আসার খবর বাঘের কাছে গোপন থাকে না। সুযোগ বুঝে একটা পা ছিড়ে নিয়ে পালিয়ে যায় জঙ্গলে। রক্তের দাগ সোজা চলে গেছে সরু একটা শিষে খাল বরাবর। ঐ খালের শেষ প্রান্তে পড়ে ছিল অভাগার মৃতদেহটি।

