সংবাদদাতা, লাউদোহা :
তাস খেলা কে কেন্দ্র করে বচসা থেকে মারামারি - ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে লাউদোহা থানার রসিকডাঙ্গা এলাকায় । মৃতের নাম পালন বাউরী (৩৫) ।
শনিবার সন্ধ্যায় গোগোলা পঞ্চায়েতের রসিক ডাঙ্গা গ্রামে ভাইফোঁটার দিন তাস খেলা কে কেন্দ্র করে মারামারির ঘটনায় মৃত্যু হল পালন বাউড়ি নামে এক ব্যক্তির । গ্রামের অন্য পাড়ায় পালনের শ্বশুরবাড়ি । কালী পুজো উপলক্ষে শ্বশুর বাড়িতেই ছিল পালন । সন্ধ্যায় শশুর বাড়ি সংলগ্ন জায়গায় বসেছিল তাস খেলার আসর । অন্যদের সাথে খেলায় যোগ দেয় পালন । তাস খেলা কে কেন্দ্র করে একসময় এলাকায় উত্তেজনা ছড়ায় । বচসা গড়ায় মারামারিতে । ঘটনাস্থলে মারের চোটে ঘায়েল হয় পালন বাউরী । ঘরে এসে যন্ত্রণায় ছটফট করতে থাকে । বাড়ির লোকেরা স্থানীয় এক চিকিৎসকের কাছে পালন কে নিয়ে যায় । পরিস্থিতির অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় লাউদোহা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ।
সেখানকার চিকিৎসকরা পালনকে মৃত বলে ঘোষণা করেন । ঘটনাটি ঘিরে এলাকায় ছড়ায় চরম উত্তেজনা । ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে লাউদোহা থানা সূত্রে খবর ।

